সমাধান জানি না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘পুঁজিবাজার নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি কোনো কথা বললেই নাকি বাজার ধ্বংস হয়ে যায়।’ তবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বাজার ভালো চললেও সেকেন্ডারি বাজারে সমস্যা এখনো রয়ে গেছে। এই সমস্যার সমাধান কীভাবে হবে, তা আমি জানি না।’ এদিকে পুঁজিবাজারের জন্য রোববার গঠিত উপদেষ্টা পরিষদে চেয়ারম্যান তিনি থাকবেন না বলেও জানান অর্থমন্ত্রী। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পরিষদকে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আমি এর চেয়ারম্যান না।’গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘গত দু-তিন মাসে বাজারের ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে আইপিওতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। রাইট শেয়ারও ছাড়া হয়েছে অনেক। সুতরাং, প্রাথমিক বাজার ভালোই চলছে। সমস্যাটা হলো সেকেন্ডারি বাজার নিয়ে।’ তাহলে কি সেকেন্ডারি বাজারে কারসাজি হয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাকে সমালোচনা করা হয়, আমি কথা বললেই নাকি বাজার ধ্বংস হয়ে যায়।’ প্রসঙ্গত, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গত রোববার ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজারসংশ্লিষ্ট আইনকানুন, বিধিবিধানসহ প্রাসঙ্গিক সব বিষয়ে এই পরিষদ উপদেশ দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পরিষদ একটা করেছি এই জন্য যে আগেই অনানুষ্ঠানিকভাবে এর সদস্যদের কাছ থেকে বুদ্ধি-টুদ্ধি নিতাম। এখন এটাকে সাংগঠনিক রূপ দেওয়া হলো, যাতে নিয়মিত ভিত্তিতে পরামর্শ নেওয়া যায়।’ব্যাংক খাতকে আবার পুঁজিবাজারে জড়িয়ে ফেলা হচ্ছে, এতে ব্যাংক খাতের জন্য ভালো হবে কি না, প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শুনেছি, পুঁজিবাজারে ব্যাংকগুলোর যে পরিমাণ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে, সে তুলনায় তাদের বর্তমান বিনিয়োগ অনেক কম। অথচ আগে আইনের বাইরে গিয়েও তারা বিনিয়োগ করেছিল।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘শুনেছি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছেন, গত এক-দুই বছরে তোমাদের তো অনেক মুনাফা হয়েছে, সুতরাং বাজারের এমন পরিস্থিতিতে তোমাদের একটা দায় আছে। এখান থেকে একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করো।’ ব্যাংকগুলোর মুনাফার ওই অংশ বাংলাদেশ ব্যাংক আলাদা করে রেখেছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।পুঁজিবাজারকে রাজনীতিকীকরণ থেকে দূরে রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আন্দোলনরত ব্যক্তিদের পাশে বিরোধী দলের নেতারা এসেছেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে উনারা এখানেও রাজনীতি করছেন।’ অর্থমন্ত্রী মনে করেন, পুঁজিবাজার নিয়ে রাজনীতি বিনিয়োগকারীদের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না।বাজারে যারা সংকট তৈরি করেছেন, তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে ওই সংকট থেকে উত্তরণের জন্য, সরকারদলীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তও বলেছেন, শুঁটকির হাটে বিড়ালকে চৌকিদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গটি তুলে ধরলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে দায়িত্ব দিইনি। তারা নিজেরাই দায়িত্ব নিয়েছে।’ ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে, না বিষয়টি এখনো পরীক্ষামূলক—এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আজকেও খবর দেখেছি। জানি না, এখনই কিছু বলতে পারব না।’শিল্পীদের সঙ্গে বৈঠক: চলতি বাজেটে ধার্য করা শিল্পীদের সম্মানীর ওপর উৎসে কর প্রত্যাহার নিয়ে শিল্পীরা গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে রেজওয়ানা চৌধুরী বন্যা, তপন মাহমুদ, রফিকুল আলম, নাদিরা বেগম, লিনু বিল্লাহ, ঝুনা চৌধুরী, কেরামত মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, অর্থমন্ত্রী তাঁদের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।