সমাধানের উদ্যোগে বাধা দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষকেরা
আন্দোলনকারী শিক্ষকেরা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) সমস্যার সমাধান চান না বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমরা বুয়েটের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক উপাচার্যদের সঙ্গে কথা বলে একটা শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বুয়েটের শিক্ষক সমিতি গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আমাদের উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে। এখন আমরা কী করব, তা আমাদের ভাবতে হবে।’আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। তাহলে এ সমস্যার সমাধান সরকার করবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা সমাধানের চেষ্টা চালিয়ে যাব।’গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ডাকে বৈঠকে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন বুয়েটের সাবেক উপাচার্য, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা।এর পর বুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় আন্দোলনরত শিক্ষকেরা গণপদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এ জন্য পদত্যাগপত্রে সই করেছেন তাঁরা।উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করছে। যদিও উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।