সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকাপ্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পৌরনীতি প্রথম পত্রে তোমাদের পাঁচটি বড় প্রশ্ন এবং আটটি ছোট প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের প্রতি সমান গুরুত্ব দেবে। # পরীক্ষার্থীদের প্রশ্নের বিষয়বস্তু পরিষ্কারভাবে বুঝে তারপর উত্তর লিখতে হবে। অনেকে প্রশ্নের উত্তর আকারে বড় করতে মূল বিষয় থেকে সরে গিয়ে অপ্রাসঙ্গিক বিষয় লিখে থাকে। এটা মোটেও কাঙ্ক্ষিত নয়। আবার প্রশ্নের উত্তর আকারে বড় হলেই বেশি নম্বর পাওয়া যাবে, এ রকম ভুল ধারণা পোষণ করে অনেকে। কিন্তু বাস্তবে উল্টোটিই হয়। # কোনো প্রশ্নের উত্তরের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীর কোটেশন বা সংজ্ঞা লিখলে সেটা নির্ভুল ও হুবহু হতে হবে। কোনো কোনো পরীক্ষার্থীর মধ্যে ভ্রান্ত ধারণা থাকে ইংরেজি কোটেশন না লিখলে হয়তো নম্বর কমে যাবে। সবচেয়ে বড় কথা হলো, বাংলা অথবা ইংরেজি যে ভাষাতেই লেখা হোক না কেন, সেটা যেন সঠিক ও নির্ভুল হয়। # অনেক পরীক্ষার্থীর ধারণা, বেশিসংখ্যক পয়েন্ট লিখলেই বেশি নম্বর পাওয়া যাবে। এটা ঠিক নয়। প্রশ্নের গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় পয়েন্ট সীমিত রেখে প্রতিটির বর্ণনা সুন্দর করে লিখতে হবে। প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক না হলে পয়েন্ট লেখারই কোনো প্রয়োজন নেই। # প্রতিটি প্রশ্ন ভালোভাবে বুঝে তারপর উত্তর লিখতে শুরু করবে। অনেক সময় প্রশ্ন ভুল বোঝার জন্য পুরো উত্তর ভুল হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, তোমাদের পৌরনীতি প্রথম পত্রে একটি প্রশ্ন আছে ‘স্বাধীনতা কী’? এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেকেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখে থাকে। কিন্তু এই প্রশ্নের উত্তরে মূলত ব্যক্তি স্বাধীনতার বিষয়টি লিখতে হবে।