সমান জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা নির্ধারণে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের একেক ওয়ার্ডের জনসংখ্যা একেক রকম। আবার ওয়ার্ডের আয়তনের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ডসমূহের সীমানা নির্ধারণের দাবিতে হাইকোর্টের আশ্রয় নিয়েছেন দুজন নাগরিক। এক রিট আবেদনে তাঁরা বলেছেন, সমানসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক ওয়ার্ডের নির্বাচন হওয়া উচিত। এর সপক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেছেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধান নির্বাচন কমিশনার, ডিসিসি মেয়র এবং ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলেছেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা মামলাটি পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, সমসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে ডিসিসির নির্বাচন কেন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছেন আদালত। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।ডিসিসির ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত খিলক্ষেতের বাসিন্দা মো. শাহীনুর আলম ও মো. ওমর আলী রিটটি দায়ের করেন। এতে বলা হয়, ডিসিসির বর্তমান ৯০টি ওয়ার্ডের সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়েছিল ১৯৯৩ সালে। এরপর প্রায় ১৭ বছর পার হয়ে গেছে। এ ছাড়া সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালে। বর্তমানে সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর মধ্যে ভোটার ও জনসংখ্যার ব্যবধান ভারসাম্যহীন হয়ে পড়েছে। এমনও দেখা যাচ্ছে, কোনো ওয়ার্ডের ভোটার ১০ হাজার আবার কোনো কোনো ওয়ার্ডের ভোটার এক লাখেরও বেশি। ফলে ওয়ার্ডগুলোর উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এ ছাড়া নির্বাচনী ব্যয়েরও অনেক তারতম্য হচ্ছে। রিট আবেদনে আরও বলা হয়, ৯০টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটার পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডে। সেখানকার ভোটারসংখ্যা এক লাখ পাঁচ হাজার ৯৬ জন। সিটি করপোরেশনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ডে, সেখানকার ভোটারসংখ্যা ১০ হাজার ৬৯৫ জন।