মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসিতে সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ১২টি মানদণ্ডের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এ ক্ষেত্রে এ বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) শাহ আবদুল লতিফ গতকাল প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে ১২টি মানদণ্ডের প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি এগুলো অনুমোদন করলে মেডিকেলে ভর্তি কমিটি তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।প্রস্তাবিত মানদণ্ড অনুযায়ী এসএসসি ও এইচএসসিতে সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ওই দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া যাঁরা এগিয়ে থাকবেন তাঁরাই অগ্রাধিকার পাবেন। এরপর দেখা হবে শিক্ষার্থী কোন বছর এইচএসসি পাস করেছেন, সে ক্ষেত্রে ২০১১ সালের চেয়ে ২০১২ সালে উত্তীর্ণরাই অগ্রাধিকার পাবেন।এরপর এইচএসসিতে চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএতে ভালো করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয়সহ যাঁরা ভালো করেছেন তাঁরা অগ্রাধিকার ঠিক করার পরবর্তী ধাপে গুরুত্ব পাবেন। এরপর দেখা হবে এইচএসসিতে চতুর্থ বিষয়সহ কারা ভালো করেছেন।এর পরও জিপিএ সমান হলে এইচএসসির পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানের গ্রেড পয়েন্টের (জিপি) যোগফল গুরুত্ব পাবে। তাতেও না হলে এইচএসসিতে জীববিদ্যার জিপি দেখা হবে। তারপর এইচএসসিতে ইংরেজির জিপি। এতেও সমান হলে এসএসসির পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার জিপির যোগফল গুরুত্ব দেওয়া হবে। তারপর এসএসসির জীববিদ্যা এবং তাতেও সমাধান না হলে এসএসসির ইংরেজির জিপি দেখা হবে। সবশেষ মানদণ্ড হিসেবে রাখা হয়েছে শিক্ষার্থীর বয়স। এ ক্ষেত্রে যাঁর বয়স বেশি তিনিই অগ্রাধিকার পাবেন।শাহ আবদুল লতিফ বলেন, অতীতে বিভিন্ন সময়ে মেডিকেলে ভর্তি-প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এদিকে গতকাল মেডিকেলে ভর্তিবিষয়ক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ভর্তি পরীক্ষা হবে কি হবে না, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন আর মন্ত্রণালয়ের হাতে নেই। তাঁরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছেন। স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানান।১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রণালয় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়। এ বছর মেডিকেলের আসনসংখ্যা আট হাজার ৫১৪টি।