সমানসংখ্যক সদস্য দিলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটিতে সরকারি দলের সমানসংখ্যক সদস্য দিলে সরকারকে সহযোগিতা করতে রাজি আছে বিএনপি। দলটি সংবিধানে বিসমিল্লাহ বহাল রাখা ও কোনো দলের রাজনীতি নিষিদ্ধ না করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছে।আজ শনিবার দুপুরে মতিঝিলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ হয়েছে, যে মুখে বললেও বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী দলকে এক দিনের সময় দিয়ে বিশেষ কমিটিতে একজন সদস্য দেওয়া যে লোক দেখানো ছিল, তা সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে।মওদুদ আহমদ বলেন, মূল সংবিধানে ফিরে যেতে হলে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম, ইসলামি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের অবস্থা ও সমাজতন্ত্রসহ বেশকিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনতে হবে। এসব করা সম্ভব না। এসব জেনেও সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলছে। সংবিধান সংশোধনে সরকারের নেওয়া উদ্যোগকে তিনি অস্পষ্ট ও সমন্বয়হীন বলে উল্লেখ করেন।মওদুদ আহমদ বলেন, বিরোধী দলের সঙ্গে মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা না হলে কোনো লাভ হবে না। এখন সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে এমনটি করতে পারলেও ভবিষ্যতে তা বাতিল হয়ে যাবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তন বিএনপি মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ার করে দেন।মওদুদ দাবি করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম-নিরপেক্ষতা বা সমাজতন্ত্রের মতো কোনো কিছু ছিল না। আমাদের স্বাধীনতার সনদেও এ বিষয়গুলোর উল্লেখ নেই।’