সমাজ ও জীবনের সর্বক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার প্রত্যয়ের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমঅধিকার: নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত’। ঢাকায় দিবসটি উপলক্ষে বিভিন্ন নারী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সেমিনার, নারী সমাবেশ, শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শহীদ মিনারে নারী সমাবেশদিবসের কর্মসূচির অন্যতম ছিল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ৬৪টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি এই আয়োজন করে। সমাবেশে নারীনেত্রীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার কথা তুলে ধরে নারীর প্রতি সব বৈষম্য বিলোপের দাবি জানান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সহসভাপতি সেলিনা খালেক।আদিবাসী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী নারীদের পাশাপাশি এই অনুষ্ঠানে আসেন যৌনকর্মী ও হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও। তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন। তাতে লেখা ছিল, ‘তরুণী নারী উত্ত্যক্তসহ সকল নিপীড়নকে না বলুন’, ‘ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু করতে হবে’, ‘ফতোয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে’ ইত্যাদি।বিকেলে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এরপর গান পরিবেশন করেন সুস্মিতা আহমেদ, বিজনচন্দ্র মিস্ত্রী ও দীপা পাল। বাংলাদেশ আদিবাসী ফোরামের শিল্পীরা পরিবেশন করেন জুম নৃত্য।প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংগ্রামের মধ্য দিয়ে নারীর অনেক অধিকার আদায় হয়েছে। নারীর প্রতি সব বৈষম্য দূর করে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’ এরপর তিনি নেত্রীদের সঙ্গে নারী দিবস উদ্যাপন উপলক্ষে বেলুনগুচ্ছ ওড়ান।সেলিনা খালেক বলেন, ‘সম্মিলিতভাবে মেয়েদের জন্য কাজ করতে হবে। এটাই হোক নারী দিবসের কাম্য।’সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, তথ্য কমিশনার সাদেকা হালিম, নারীনেত্রী শিরীন আখতার, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার প্রমুখ।সমাবেশ শেষে শহীদ মিনার থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মোমবাতি প্রজ্বালন করেন নারী নেত্রী-কর্মীরা।বিপ্লবী নারী সংহতির সমাবেশ: বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে সমাবেশ করে বিপ্লবী নারী সংহতি। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে নারীর ওপর যৌন নির্যাতন বহুগুণ বেড়ে গেছে। নির্যাতনের শিকার হয়ে গত পাঁচ বছরে ২৪৫ জন আত্মহত্যা করেছেন। সরকার যৌন নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।মহিলা অধিদপ্তরের কর্মসূচি: মহিলা অধিদপ্তর তাদের মিলনায়তনে দুপুরে ‘নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অধিদপ্তরের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন।৮ মার্চ ছুটি ঘোষণার দাবি: মুক্তাঙ্গনে বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স আয়োজিত মানববন্ধনে বক্তারা ৮ মার্চ সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ: সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ অংশ নেন।অন্য সংগঠনের কর্মসূচি: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) দুই দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রদর্শনীর উদ্বোধন করেন। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। দি এশিয়া ফাউন্ডেশন দেশের ৪৫টি মহিলা কলেজে চার হাজার ৫০০টি বই বিতরণ করেছে।এ ছাড়া নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বৈশাখী টেলিভিশন, মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নারী পক্ষ, বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল পিপলস পার্টি, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।নড়াইলে নানা অনুষ্ঠান: নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে বেসরকারি সংগঠন বাঁচতে শেখা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শোভাযাত্রা বের করে। জেলা মিত্র জোট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজন নারীকে সংবর্ধনা, সন্ধ্যায় দ্বীপশিখা প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুশাসনের জন্য প্রচারাভিযান সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে।এসিড সারভাইভারস ফাউন্ডেশন: দিবসটি উপলক্ষে এসিড-সন্ত্রাস বন্ধে গত সোমবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) পুরুষদের অঙ্গীকার সমাবেশের আয়োজন করে। এতে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, অভিনেতা আফজাল হোসেন, শিল্পী শুভ্র দেব, এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান প্রমুখ।