সমাপনীতে প্রধানমন্ত্রীর উপহার
বিশ্ব অঙ্গনে বাংলা সাহিত্যকে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখার আশাবাদের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমীর নতুন ভবনের মূল মিলনায়তনে ছিল উৎসবের সমাপনী অনুষ্ঠান।সমাপনী অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বাক্ষরিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি (ইংরেজি ভাষায় দি আনফিনিশড মেমোয়ার্স) আমন্ত্রিত বিদেশি লেখকদের উপহার হিসেবে পাঠানোয়। বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক বইগুলো বিদেশি লেখকদের হাতে তুলে দেন।সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের টাইটেল স্পনসর দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর স্বাক্ষরিত ১০টিসহ ৩০টি বই বিদেশি লেখকদের তাঁর ব্যক্তিগত উপহার হিসেবে পাঠিয়েছেন। এতে এই উৎসব বিশেষ মাত্রা লাভ করেছে এবং আমরা অভিভূত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘এই উৎসবের বাংলা ও ইংরেজি দুটি ভাষার মধ্য দিয়ে অনুষ্ঠিত অধিবেশনগুলো সাহিত্যক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার সৃষ্টি করেছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বহির্বিশ্বে বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার-প্রসারে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের অনেকেই এখন ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করছেন। এ উৎসবে এ নতুন প্রজন্মের লেখকদের সঙ্গে মূলধারার সাহিত্য ও সাহিত্যিকদের নিবিড় পরিচয় ঘটেছে। এতে সাহিত্য উপকৃত হবে। উৎসবের পরিচালক পিটার ফ্লোরেন্স, দুই সহ-প্রযোজক ইংরেজি ভাষার লেখক তাহমিমা আনাম ও সাদাফ সাস্ সিদ্দিকী শ্রোতা-দর্শকদের অভিনন্দন জানান। সমাপনী অনুষ্ঠান শুরু হয় পল্লবী ড্যান্স গ্রুপের পরিবেশনায় রবীন্দ্রনাথের শাপমোচন নৃত্যনাট্য দিয়ে। শেষে ছিল আরিফ বাউলের পরিবেশনায় লালন সাঁইয়ের গান।