সমাপ্তি ও সূচনার উৎসব
শহরে যেখানে নতুন বছরকে আহ্বান করা হয় শুধু পয়লা বৈশাখকে কেন্দ্র করে, সেখানে গ্রামবাংলায় নতুন বছরকে আহ্বান করা হয় পুরোনো বছরকে মহাসমারোহে বিদায় জানিয়ে। তাই গ্রামে বৈশাখ উদ্যাপন যতটা না দেখা যায়, তার চেয়ে বেশি দেখা যায় বর্ষবিদায়ের অনুষ্ঠান।প্রতিবছর তাই চৈত্র মাস এলেই গ্রামে গ্রামে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন ও কৃত্যাচার পালনের হুল্লোড় পড়ে যায়। চৈত্র মাসের মাঝামাঝি থেকে শেষ দিন পর্যন্ত গ্রামবাংলায় বর্ষবিদায়ের আয়োজন চলে। এই আয়োজনের মধ্যে কেউ কেউ শিব-পার্বতী বা হর-গৌরী সেজে একদল ঢুলি, করতাল, কাঁসি বাদকের সঙ্গে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নৃত্যগীত পরিবেশন করে ফেরে, কেউ আবার রাধা-কৃষ্ণ সেজে বাঁশের বাঁশি হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ায়। শুধু পৌরাণিক চরিত্রের উপস্থাপনার ভেতরেই গ্রামবাংলার বর্ষবিদায় ও বর্ষবরণ সীমাবদ্ধ থাকে না, সামাজিক জীবনের বাইদ্যা-বাইদ্যানি, ঘোড়সাওর, হাইল্যা (কৃষক) ইত্যাদি চরিত্রও অত্যন্ত রসাল ও আনন্দময় ভঙ্গিতে উপস্থাপিত হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ বর্ষবিদায়ের কয়েকটি বিশেষ আয়োজনের তথ্য দিয়ে সাজানো হলো এই লেখা। অষ্টকবাংলা বর্ষবিদায়ের আয়োজন হিসেবে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নড়াইল অঞ্চলের প্রত্যন্ত গ্রামে অষ্টক পরিবেশিত হয়ে থাকে। অষ্টক গানে মূলত শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রণয়লীলাবিষয়ক আখ্যান ও লোকপুরাণ অবলম্বনে গীতিনৃত্য পরিবেশিত হয়ে থাকে। ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর অঞ্চলে গ্রামের ছেলেরা এ ধরনের পরিবেশনায় কৃষ্ণ, রাধা ও রাধা-সখী সেজে দুই দলে বিভক্ত হয়ে গীতিনৃত্য সহযোগে রাধা-কৃষ্ণের অষ্টক অভিনয় করে থাকলেও নড়াইল অঞ্চলে অষ্টক পালায় এখনো রাধা ও সখীর ভূমিকায় কিশোরীরা অভিনয় করে থাকে। তবে, সম্প্রতি সামাজিক সমস্যার কারণে নড়াইল অঞ্চলের অষ্টক পালায় কিশোরীদের অংশগ্রহণ ধীরে ধীরে লোপ পাচ্ছে বলে জানা যায়। কেউ কেউ বলেন, এ ধরনের পরিবেশনায় বৈষ্ণবীয় আটটি প্রসঙ্গ আছে; আবার কেউ বলেন, আটজনে মিলে রাধা-কৃষ্ণের উক্তি-প্রত্যুক্তিমূলক নাট্যগীত পরিবেশন করা হয় বলে একে ‘অষ্টক’ নামে অভিহিত করা হয়। কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলে এ ধরনের পরিবেশনা ‘অষ্টগান’ নামেই সমধিক পরিচিত। ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বালিয়াঘাট গ্রামের সনাতন ধর্মানুসারী জনসাধারণ চৈত্রসংক্রান্তিতে অষ্টগান পরিবেশন করে থাকে, ক্ষেত্রবিশেষে তাদের পরিবেশনায় মুসলমান দু-একজন বাদ্যকার-কুশীলবকে অংশ নিতে দেখা যায়। উল্লেখ্য, কুষ্টিয়া জেলার বিভিন্ন গ্রামে অষ্টগানের কিছু মুসলিম দল রয়েছে।গমিরা ও কালেক্টরবাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রামে চৈত্র মাস শেষ হওয়ার পাঁচ-সাত দিন আগে থেকে একদল যুবা-তরুণ বিভিন্ন পশুপাখি ও মাছের মূর্তি বা প্রতিকৃতি তৈরি করে নৃত্যগীত সহযোগে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। এ ধরনের পরিবেশনাকে তারা ‘গমিরা’ বলে থাকে। সাধারণত কোনো গোপন উদ্দেশ্য সিদ্ধির কামনায় কোনো ব্যক্তি ‘গমিরা’র মানত করে থাকে। এ ধরনের পরিবেশনার সব ব্যয় বহন করেন মানতকারী ব্যক্তি নিজে। উল্লেখ্য, গমিরাতে মাছ ছাড়া পশুপাখির মধ্যে সাধারণত হাঁস ও ঘোড়ার মূর্তি বা প্রতিকৃতি ব্যবহূত হয়ে থাকে; আর এসব নির্মাণে খড়, বাঁশ, কাগজ, আঠা ও রং ব্যবহূত হয়।চৈত্রসংক্রান্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কইরাকোল, মণ্ডপখোলা (মণ্ডপী), কুমারপুর, ছোট চণ্ডীপুর, চানপাড়া; পার্বতীপুর থানার খিয়ারপাড়া, কালির হাট, চণ্ডীপুর; চিরিরবন্দর থানার আমবাড়ি, বিশ্বনাথপুর, দুর্গাডাঙ্গা, দল্লা, সুরোল গ্রামের নিম্নবর্গের হিন্দু ও আদিবাসীরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাদ্য সহযোগে এক বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে থাকে। এ ধরনের পরিবেশনাকে স্থানীয় জনগণ ‘কালেক্টর’ বলে উল্লেখ করে থাকে। আসলে, যাদের পূজা আয়োজনের খরচ সংগ্রহের অন্য কোনো উপায় থাকে না, তারাই শুধু ‘কালেক্টর’ সেজে গ্রামে গ্রামে নৃত্য করে নগদ অর্থ ও চালডাল সংগ্রহ করেন। এ ধরনের নৃত্য পরিবেশন শুরু হয় চড়ক পূজা আয়োজনের অন্তত সাত দিন আগে। বাইদ্যার নাচ ও কবিতাচৈত্র মাসের শেষ দিন টাঙ্গাইল অঞ্চলের গ্রামে গ্রামে বাইদ্যার নাচের দল বের হয়। তবে, এই বাইদ্যার নাচের দলের কোনো সদস্যই কিন্তু বেদেসম্প্রদায়ের নয়। এ অঞ্চলের সাধারণ গ্রামীণ কৃষক ও ক্ষুদ্র পেশাজীবী বাঙালিরাই বাইদ্যা-বাইদ্যানি সেজে ঢোল, হারমোনিয়াম, করতাল কাঁধে ঝুলিয়ে বাড়ি বাড়ি ঘুরে বাইদ্যার নাচ ও গান পরিবেশন করে থাকে। একটি বাইদ্যার নাচের দলে এক থেকে দুজন থাকে বাইদ্যানি, আর বাকিরা হয় বাইদ্যা। সাধারণত ছেলেরাই রঙিন শাড়ি পরে মেয়ে সেজে বাইদ্যানির ভূমিকায় নেচে-গেয়ে থাকে। আর বাইদ্যাদের পোশাক-আশাকে থাকে অনেক বৈচিত্র্য। তাদের সঙ্গে থাকে একটি ভিক্ষার ঝোলা, পরনে ছেঁড়াখোঁড়া লুঙ্গি, কটি, গেঞ্জি, জামা ইত্যাদি পোশাক; আর থাকে ছাউনি ছাড়া ছাতা। এক-একটি বাড়ির উঠানে গিয়ে এ ধরনের বাইদ্যার নাচের দল বাদ্য বাদনের মধ্য দিয়ে নৃত্যগীত শুরু করে। বাইদ্যার নাচের ভঙ্গিও হয় অত্যন্ত মনোমুগ্ধকর। সন্ধ্যায় হর-গৌরী পূজামন্দিরের সামনে কবিতা শুরু হয়। এ এক অদ্ভুত কবিতা—ঢাকের চটাং চটাং শব্দের তালে একজন মুখস্থ প্রচলিত পুরাণকথা ছন্দে ছন্দে, ধীরলয়ে গেয়ে চলে, সঙ্গে থাকে দোহার। একে বলা হয় কবিতা। আসরে উপস্থিত সবার কানের কাছে গিয়ে কবিতাপাঠক ঢাকের চটাং চটাং শব্দের সঙ্গে রামায়ণ পড়েন। কবিতার পর শুরু হয় ডুগনি—এখানে পুরাণকথার ছন্দগীতির ঢাকবাদ্যের সঙ্গে সামান্য নাচ যুক্ত হয়। এভাবেই কবিতা-ডুগনিতে সন্ধ্যা অতিক্রান্ত হয়ে যায়। এরপর শুরু হয় অন্য এক আখ্যানপর্ব, যার সঙ্গে পূজার চেয়ে কৃষকের চাষবাসের সম্পর্কই বেশি বলে মনে হয়, তার নাম বীচট। এরপর সারা রাত অনুষ্ঠিত হয় মইন জাগানো, কালীকাচ, পরিনাচ, আম ভাঙা ইত্যাদি আরও কত পর্ব!দণ্ডনাচচৈত্র মাসের শেষ পনেরো দিন মৌলভীবাজার-সিলেট-হবিগঞ্জ জেলার কিছু চা-শ্রমিক সন্ন্যাসব্রত ও দণ্ডনাচের মধ্য দিয়ে নতুন বছরে প্রবেশ করে। একটি দণ্ডনাচের দল চৈত্র মাসের শেষার্ধজুড়ে বিভিন্ন নাটমন্দিরে দণ্ডনাচ পরিবেশন করে থাকে; এর জন্য তারা সাধারণত আগে থেকে নিমন্ত্রিত হয় না, পথে যেতে যেতে কোনো মন্দির দেখলে সেখানে গিয়ে বাদ্য বাদন শুরু করে, তাদের বাদ্য বাদন শুনে ওই মন্দিরের কেউ বা ওই গ্রামের কেউ যদি তাদের দণ্ডনাচের জন্য আমন্ত্রণ জানান তখনই তারা থামে। আমন্ত্রণ-নিমন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা চলতে থাকে এক চা-বাগান থেকে আরেক চা-বাগানে। দণ্ডনাচের দলের শিল্পীরা সবাই আসলে চৈত্রের শেষার্ধে সন্ন্যাসব্রত পালন করে, তারা ঘর থেকে খালি পায়ে এক খণ্ড সাদা কাপড় পরে একছত্র লাল সালুকাপড় মাথায় বেঁধে পথে বেরিয়ে পড়ে। চৈত্র মাস শেষ হওয়ার আগে বাড়ির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ থাকে না। দণ্ডনাচের আসরের শুরুতে চা-শ্রমিকদের নিজেদের জীবনের বিভিন্ন চরিত্র উপস্থাপিত হয়ে থাকে। দণ্ডনাচের এক-একটি আসর সমাপ্ত হয় মূলত পৌরাণিক আখ্যানের প্রতীকী অভিনয়ের মাধ্যমে।সারকথাগ্রামবাংলায় বর্ষবরণ মানে হলো, বিস্তর সমাপ্তি দিয়ে শুভসূচনার পথে চাওয়া, গান গাওয়া। একেবারে শেষ বাক্যে এসে গ্রামীণ জীবনের বর্ষবিদায় ও বর্ষবরণের খাদ্যাভ্যাস সম্পর্কে একটা তথ্য দিতে চাই—এখনো বহু গ্রামে বছরের শেষ দিন তথা চৈত্রের শেষ দিন ভাতের সঙ্গে নিশ্চিতভাবেই নিমপাতা, করলা ইত্যাদি তিতা খাবার খাওয়া হয় এ জন্য যে, সারা বছর দেহে জমা সব অসুখ-বিসুখ তিতা দিয়ে নাশ করে দেহকে পবিত্র করা। আর বছরের প্রথম দিন তথা বৈশাখের প্রথম দিন আম-ডাল, তেঁতুলের আচার ইত্যাদি টকজাতীয় খাবার খেয়ে দেহে প্রবাহিত রক্তকে স্বচ্ছ করে নেওয়া হয়। আসলে, গ্রামীণ জনসাধারণের উৎপাদনমুখী জীবনের সুস্থতা কামনাই এসব আচারের লক্ষ্য।