সমাবর্তন আটকে রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে সমাবর্তনের অনুমতি দিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে একটি সভা হলেও এ বিষয়ে সুরাহা হয়নি। এ কারণে প্রায় ছয় মাস ধরে দেড় হাজারের বেশি শিক্ষার্থীর সনদ আটকে আছে।সভাসূত্র জানায়, নিয়মমাফিক ট্রাস্টি বোর্ড গঠনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বোর্ড গঠন করতে পারলে সমাবর্তনের অনুমতি দেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেমের নেতৃত্বে সদস্যরা শিক্ষামন্ত্রীসহ শিক্ষার নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকে বসেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, যদি ছোটখাটো ত্রুটি থাকে তা সংশোধন করা হবে। কিন্তু এর সঙ্গে সমাবর্তন, সহ-উপাচার্য নিয়োগসহ বিভিন্ন কাজ আটকে রাখা এবং এসবের ফলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হওয়া দুঃখজনক।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সেখানে যোগ্য-অযোগ্য, জ্যেষ্ঠ-কনিষ্ঠ এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ-বিপক্ষ শিক্ষকদের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য নিষ্ক্রিয় রয়েছেন, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ওপর কর্তৃত্ব রাখতে না পেরে বাইরের বিভিন্ন প্রভাব ও কৌশল ব্যবহার করছেন। সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী অবসরে যাওয়ার পর বহুমুখি সংকট মাথাচাড়া দিয়ে ওঠে। কোষাধ্যক্ষ মো. আবদুস সাত্তার দীর্ঘ সময় ধরে একাধারে উপাচার্য ও সহ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। অথচ তাঁর কোনো প্রশাসনিক অভিজ্ঞতাও নেই।যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইউ সরকারকে সম্প্রতি নর্থ সাউথের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনো দেশে ফেরেননি। সহ-উপাচার্য নিয়োগের জন্য তিনজনের নামের প্যানেল শিক্ষা মন্ত্রণালয়ে বেশ আগে পাঠানো হলেও কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না।জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়নি। এটা যতক্ষণ না গঠন হবে, ততক্ষণ পরবর্তী কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।