উদ্ধারকাজ দৃষ্টান্ত হয়ে থাকবে
সমাবেশ ও অবরোধ স্থগিতের আহ্বান প্রধানমন্ত্রীর (ভিডিও)
আগামীকাল শনিবার বিরোধী দল বিএনপির ডাকা সমাবেশ ও রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানোর জন্য ও ভবনধসে আহত লোকজনের চিকিত্সাকাজে সুবিধার জন্য বিএনপি ও হেফাজতের প্রতি তিনি এ আহ্বান জানান। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি সাভারের উদ্ধারকাজের বিস্তারিত বিবরণ দেন। শেখ হাসিনা বলেন, অত্যন্ত যত্নের সঙ্গে সাভারে উদ্ধারকাজ চলছে। তিনি বলেন, সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধারকাজ ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ যে এ ধরনের উদ্ধারকাজ চালাতে পারে, এটি তার দৃষ্টান্ত। এই উদ্ধারকাজ ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সাভারের উদ্ধারকাজ ও হেফাজতের ১৩ দফা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন।উদ্ধারকাজ ইতিহাস হয়ে থাকবেপ্রধানমন্ত্রী বলেছেন, অত্যন্ত যত্নের সঙ্গে সাভারে উদ্ধারকাজ চলছে। তিনি বলেন, সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধারকাজ ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ যে এ ধরনের উদ্ধারকাজ চালাতে পারে, এটি তার দৃষ্টান্ত। এই উদ্ধারকাজ ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। হরতাল স্থগিত করার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী বিরোধী দল ও হেফাজতের উদ্দেশে বলেন, দুর্যোগময় সময়ে এই কর্মসূচিগুলো যদি তারা স্থগিত করে দেয়, তাহলে উদ্ধারকাজ ও আহত লোকজনের চিকিত্সায় বাধা দূর হবে। প্রধানমন্ত্রী বলেন, সমাবেশ বা ঢাকা অবরোধের পেছনে যত টাকা খরচ হবে, তা যদি তারা সাভারের দুর্গত লোকজনের মধ্যে বিতরণ করে, তাঁদের কিছুটা সুরাহা হবে। প্রধানমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের দিন এবং এর পর বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ২৪ এপ্রিল ও ২ মের হরতাল প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। এখনো অনেক কাজ বাকি শেখ হাসিনা বলেন, সাভারে উদ্ধারকাজের এখনো অনেক বাকি। সাভারের বিভিন্ন হাসপাতালে যাঁরা ভর্তি আছেন, তাঁদের যাঁর যেমন চিকিত্সা দরকার, তাঁদের সে অনুযায়ী চিকিত্সা দিতে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এর মধ্যে এক হাজার লোকের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। উদ্ধারকাজে সহযোগিতার জন্য দেশবাসীকে ধন্যবাদ প্রধানমন্ত্রী বলেন, সাভারের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের পাশে দাঁড়াতে সব শ্রেণী-পেশার মানুষ ছুটে গেছেন। দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সে জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। প্রতিনিয়ত খবর প্রচার ও প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। এত বড় উদ্ধারকাজ বিরলপ্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উদ্ধারকাজ বন্ধ করে দিইনি। এখনো উদ্ধারকাজ চলছে। যারা আটকা পড়েছিল, তাদের অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়েছে।’ সবাই কীভাবে নিজের জীবন বিপন্ন করে উদ্ধারকাজ করেছে, দেশবাসী তার সাক্ষী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, প্রশাসনের কর্মকর্তারা, চিকিত্সক, সেবিকারা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার পরই তাদের প্রতি নির্দেশ ছিল, যারা জীবিত আছে, তাদের আগে উদ্ধার করতে হবে। এটা কঠিন কাজ ছিল। ধ্বংসস্তূপের ভেতরে অনেকের হাত-পা আটকে ছিল। সেখানে চিকিত্সক যেয়ে অস্ত্রোপচার করে তাদের উদ্ধার করেছে। উদ্ধারকর্মীদের ক্রলিং করে ঢুকতে হয়েছে।’ ৪৯০টি মরদেহ উদ্ধারপ্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৪৯০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই হাজার ৭৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোথাও কোনো মরদেহ আছে কি না, তা শনাক্ত করার জন্য বিশেষ ক্যামেরা ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।উদ্ধারকর্মীদের প্রশংসা সাভারে যারা উদ্ধারকাজ করেছেন তাঁদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধারকাজ চালাতে গিয়ে করাত দিয়ে গ্রিল কাটার সময় এজাজ নামে এক উদ্ধারকর্মী আহত হন। তাঁকে উন্নত চিকিত্সার জন্য বাইরে পাঠানো হয়েছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিত্সা দরকার বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে কীভাবে উদ্ধারকাজ চালানো যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কাজে লেগেছে বলে জানান তিনি। এ ধরনের দুর্যোগের পর কী কী করতে হবে, তার একটা নীতিমালা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। রক্তের ব্যবস্থা করতে বলি জাহাঙ্গীরনগরের ছাত্রলীগকে প্রধানমন্ত্রী বলেন, সাভারে রানা প্লাজা ধসের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে রক্তের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। এ ছাড়া তাত্ক্ষণিকভাবে প্রত্যেক হাসপাতালে রোগীদের জন্য সিটের ব্যবস্থা ও চিকিত্সকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে যেন এ ঘটনা না ঘটেপ্রধানমন্ত্রী বলেন, আগের দিন রাতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সবচেয়ে দুর্ভাগ্য হলো, ভবনটিতে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকেরা তার পরদিন সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন। কিন্তু জেনারেটর চালানোর সঙ্গে সঙ্গে ভবন ধসে পড়ে। এসব মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। হেফাজতের ১৩ দফা দাবি হেফাজতের ১৩ দফা দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে অনেক দাবি পূরণ হয়েছে। বাকি যে দাবিগুলো যৌক্তিক, সেগুলোও পূরণ করা হবে।অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা হতে পারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। সংবিধানে আছে, ৬০ দিন অন্তর সংসদ বসবে। কিন্তু নির্বাচনের তিন মাস সংসদের অধিবেশন বসবে না বলেও বলা আছে। তবে, সব দলের নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে। এ নিয়েও আলোচনা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট সমাবেশ ডাকে। আর ১৩ দফা দাবি পূরণের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী রোববার ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই দুই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।