সমাবেশ করছেন হলমার্কের শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বোনাস, অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছেন হলমার্ক গ্রুপের ১০ হাজার শ্রমিক। জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ চলছে সাভারের হেমায়েতপুরে অবস্থিত হলমার্ক কারখানার ভেতরে ।সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা হলমার্কের ভেতরে জড়ো হয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশে জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইনে সুলতান শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি অবিলম্বে হলমার্কে প্রশাসক নিয়োগ এবং প্রতিষ্ঠানটি চালু রাখার দাবি জানান। দুই দিনের মধ্যে বোনাস, অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ চলতি মাসের বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় সমাবেশে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ওই প্রতিষ্ঠানের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁদের শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে।’