সমাবেশ না করেই চট্টগ্রাম ছাড়তে হলো মুজাহিদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের বাধার মুখে সমাবেশ করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। গতকাল রোববার বিকেলে নগরের সিরাজদ্দৌলা সড়কের একটি কমিউনিটি সেন্টারে তাঁর সভা করার কথা ছিল। দুপুরে কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতার ব্যানারে একই স্থানে পাল্টা সমাবেশ করার ঘোষণা দেওয়া হলে পুলিশ কাউকে সমাবেশ করতে দেয়নি। জামায়াতের নেতারা অভিযোগ করেন, পুলিশের বাধার কারণে তাঁরা পূর্বনির্ধারিত সভা করতে পারেননি। তবে জামায়াত সভা করতে নগর পুলিশের কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর জামায়াত গোপনে থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে সিরাজদ্দৌলা সড়কের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বিকেলে সভা ডাকে। নগর জামায়াতের কার্যালয়ের পাশেই কমিউনিটি সেন্টারের অবস্থান। সভায় মুজাহিদকে প্রধান অতিথি করা হয়। আগের দিন শনিবার রাতে তিনি গোপনে চট্টগ্রামে আসেন।নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মো. মঈনুদ্দীন জানান, নিয়ম অনুযায়ী সভা-সমাবেশের জন্য পুলিশের বিশেষ শাখার অনুমোদন নিতে হয়। জামায়াতের নেতারা এ ধরনের কোনো অনুমোদন নেননি বা অনুমোদনের জন্য আবেদন করেননি। বরং তাঁরা পুলিশের কোন ধারায় অনুমোদন নেওয়ার বিধান আছে—তা জানতে চেয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের আগেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সভা করতে জামায়াতের নগর কার্যালয়ে জড়ো হতে থাকেন। মুজাহিদ সভা করতে চট্টগ্রামে এসেছেন খবর পেয়ে মুক্তিযোদ্ধারা তাঁকে প্রতিহত করার ঘোষণা দেন। তাঁরা বিকেলে কমিউনিটি সেন্টারের সামনে সিরাজদ্দৌলা সড়কে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।এ অবস্থায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জামায়াতের নগর কার্যালয়ে যান। তিনি জামায়াতকে সভা না করার অনুরোধ জানিয়ে বলেন, দুটি সংগঠন একই জায়গায় সমাবেশ করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এ সময় নগর জামায়াতের আমির শামসুল ইসলাম ওসি মহিউদ্দিনকে বলেন, ‘আমি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের নেতা চট্টগ্রামে এসেছেন, তাই অন্তত এক ঘণ্টার জন্য হলেও সভা করতে চাই।’ এরপর মুক্তিযোদ্ধাদের সমাবেশের অনুমতি দিতে তিনি ওসিকে অনুরোধ জানান। জবাবে ওসি বলেন, ‘আপনারা তো সভার কোনো লিখিত অনুমতি নেননি।’ তখন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুবিনুল হক চৌধুরী ওসিকে পাল্টা প্রশ্ন করেন, ‘মুজাহিদ কি বেআইনি কোনো ব্যক্তি যে তাঁর সভার জন্য অনুমতি নিতে হবে?’পুলিশের সঙ্গে জামায়াতের নেতাদের বাগিবতণ্ডার একপর্যায়ে মুক্তিযোদ্ধা-যুবলীগ-ছাত্রলীগ মিছিল নিয়ে জামায়াতের কার্যালয়ের সামনে চলে আসে। কার্যালয়ের পাশে কমিউনিটি সেন্টারের সামনে তারা সমাবেশ শুরু করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও তাতে যোগ দেন। এ সময় জামায়াতের কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার ফাহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা বুলবুল গুহ, মোজাহেরুল ইসলাম, আবুল কাসেম, মহানগর ওলামা লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ছাত্রলীগের সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা-যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সিরাজদ্দৌলা সড়ক দিয়ে আন্দরকিল্লা যাওয়ার পথে জামায়াতের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের বাধা দেয়। তখন মুক্তিযোদ্ধারা বলেন, আধা ঘণ্টার মধ্যে জামায়াত কার্যালয় থেকে মুজাহিদকে বের করা না হলে তাঁরা তাদের কার্যালয় ঘেরাও করবেন।মুক্তিযোদ্ধারা চলে যাওয়ার পর জামায়াতের কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পুলিশের অগণতান্ত্রিক ও অবৈধ বাধার কারণে আমাদের সভা হয়নি। একটি বৈধ রাজনৈতিক দলের সভা-সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হয়—তা আমার জানা নেই। আমরা পুলিশের এ কর্মকাণ্ডের নিন্দা জানাই। এর বিচারের ভার দেশবাসীর হাতে ছেড়ে দিয়েছি।’ জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে শামসুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।’ এ সময় পুলিশ এসে তাঁকে আর কথা না বলার অনুরোধ করলে তিনি ভেতরে চলে যান। এর ১০ মিনিট পর বিকেল পাঁচটার দিকে মুজাহিদ ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।