সমাবেশ নিয়ে গড়িমসি করলে গণ-অভ্যুত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুন ঢাকায় ১৮ দলীয় জোটের জনসভা নিয়ে কোনো গড়িমসি না করার জন্য সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। তাঁরা বলেছেন, ১১ জুনের সমাবেশে জনগণ মৌমাছির মতো অংশ নেবে। এতে বাধা দিলে, ক্ষুব্ধ জনগণ মৌচাকে ঢিল ছোড়ার পর মৌমাছির মতো ভূমিকায় অবতীর্ণ হবে।আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জামায়াতের এক যৌথসভায় দলটির নেতারা এসব কথা বলেন। ১১ জুনের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াত সমর্থক শিক্ষক, চিকিত্সক, কৃষিবিদ ও প্রকৌশলীদের সঙ্গে সংগঠনের নেতাদের এক যৌথসভা হয়।প্রধান অতিথির বক্তৃতায় দলের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ বলেন, ১১ জুন শান্তিপূর্ণ সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে ফেতনা-ফ্যাসাদ হয়, এমন পন্থা অবলম্বন করবে না জামায়াত-শিবির। কিন্তু নিজেরা শান্তিপূর্ণ থাকলে চলবে না, কোনো মহল অঘটন ঘটানোর চেষ্টা করলে; সেটাও প্রতিরোধ করতে হবে।দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন বলেন, একটু সবুর করেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন; আন্দোলন কত প্রকার ও কী কী। শিগগিরই এমন প্রমাণ পাবেন, যা বাংলাদেশের ইতিহাসে শিক্ষণীয় হয়ে থাকবে।আরেক সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে বলেন, জামায়াত-শিবির যে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে পারে, আর কারও জানা না থাকলেও তা আপনাদের জানার কথা। সভাপতির বক্তব্যে দলের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, এ সমাবেশকে এমনভাবে সফল করতে হবে, যাতে চলমান আন্দোলনে গণজাগরণ সৃষ্টি করে তা ভবিষ্যত্ আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়। সমাবেশ নিয়ে যদি গড়িমসি করা হয়, তাহলে জনগণ সরকারকে অনাস্থা প্রদর্শন করে রাস্তায় নামবে, সে দিন কোনো অনুমতির প্রয়োজন হবে না এবং তা গণ-অভ্যুত্থানে পরিণত হবে।