সমাবেশ ভন্ডুল করতে এ হত্যাকাণ্ড: বিএনপি
সিরাজগঞ্জে বিরোধীদলীয় নেত্রীর সমাবেশের কাছে ট্রেনে কাটা পড়ে বিএনপির ছয়জনের প্রাণহানির ঘটনাকে খালেদা জিয়ার সমাবেশ ভন্ডুল করার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ করেন।সমাবেশ থেকে দুই দিনের প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার সারা দেশে কালো ব্যাজ ধারণ ও শোক মিছিল। বিকেল চারটায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোক মিছিলে থাকবেন কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া কাল বৃহস্পতিবার সারা দেশে শোকসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে শোকসভা হবে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল চারটায়।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, উল্লাপাড়া আকবর আলী কলেজের মাঠে ১০ অক্টোবর সমাবেশ করার কথা ছিল। কিন্তু সেদিন সরকারের একজন উপদেষ্টা সেখানে যাওয়ার কারণে অনুমতি দেওয়া হয়নি। এ কারণেই রেললাইনের পাশে সমাবেশ করতে হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, সমাবেশ চলার সময় একটিমাত্র ট্রেন সেখান দিয়ে যাবে।...ট্রেনটি ১০ কিলোমিটার বেগে বা আরও কমিয়ে পাঁচ কিলোমিটার বেগে চলতে পারত। অথচ সেটি দ্রুত চালিয়ে নিয়ে গেল।’খন্দকার মোশাররফ প্রশ্ন তোলেন, ‘দুর্ঘটনা ঘটিয়ে ট্রেনটি কেন সমাবেশের কাছাকাছি থামিয়ে দিল? বিশৃঙ্খলা তৈরি করে সমাবেশকে পণ্ড করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। ট্রেনটি যদি চলে যেত, তাহলে সেখানে আগুন ধরানোর প্রশ্ন উঠত না। তার মানে এটা পরিকল্পনা করে করা হয়েছে।’স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, এই মানুষগুলোর মৃত্যুর দায়ভার সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, ‘বেগম জিয়া প্রথম যেখানে (উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে) সমাবেশ করতে চেয়েছিলেন, সেখানে সমাবেশ করলে কি এই দুর্ঘটনা ঘটত?’সম্প্রতি নাটোরের বড়াইগ্রামে বিএনপির মিছিলে সরকারি দলের হামলা এবং বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ্ নূরকে পিটিয়ে-কুপিয়ে হত্যার প্রতিবাদে গতকাল মুক্তাঙ্গনে এ সমাবেশ করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকার মেয়র ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা।সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘বর্তমান সরকারের আমলে সব জিনিসের মূল্য বেড়েছে। কেবল মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়েছে। শিকারিরা যেমন পাখি শিকার করে, তেমনি এই সরকার মানুষ শিকার করা শুরু করেছে।’বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যানকে হত্যার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সানাউল্লাহ্ নূরের স্ত্রী ২৭ জনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন। তাঁদের মধ্যে কেবল একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, তাঁরা ভিডিওচিত্র দেখে আসামিদের শনাক্ত করে সাজা দেবেন। কিন্তু নিয়ম তো এজাহার দেখে মামলা করা। এজাহারে তো হত্যাকারীদের নাম আছে। ... বলা হচ্ছে তারা পালিয়ে গেছে। তাহলে র্যাব-পুলিশ কী করছে?’বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে, অর্থনৈতিক সমস্যার সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।ঢাকার মেয়র সাদেক হোসেন বলেন, আওয়ামী লীগের অনেক নেতাও এই সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখতে পারছেন না।গায়েবানা জানাজা: এদিকে ট্রেনে কাটা পড়ে নিহত কর্মী-সমর্থকদের জন্য গায়েবানা জানাজা পড়েছে বিএনপি। গতকাল বাদ জোহর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।