সমাবেশ-হরতাল প্রত্যাহারে চট্টগ্রামে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের সমাবেশ এবং তা প্রতিহত করতে হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করায় চট্টগ্রামে স্বস্তি ফিরে এসেছে। তবে গতকাল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শহরে টহল অব্যাহত রাখেন।এদিকে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনার জন্য গতকাল বুধবার গণজাগরণ মঞ্চের সংগঠকেরা চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে রওনা হলেও ফেনী পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার তাঁরা ঢাকায় ফিরে আসেন। নিরাপত্তাজনিত কারণে ফেনীর পুলিশ প্রশাসন তাঁদের অনুরোধ করে ঢাকায় ফেরত পাঠায় বলে জানা গেছে।পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল বুধবার গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গণজাগরণ মঞ্চের সংগঠকদের ‘নাস্তিক ও ইসলামবিরোধী’ অভিহিত করে ওই মহাসমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। তারা বুধবার চট্টগ্রামে হরতালের ডাক দেয়। এতে চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় মঙ্গলবার রাতেই চট্টগ্রাম শহরজুড়ে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এরপর গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ স্থগিত করা হয়। কিছুক্ষণ পর হেফাজতে ইসলামও হরতাল প্রত্যাহার করে।এদিকে, মহাসমাবেশ স্থগিত করা হলেও চট্টগ্রামে গিয়ে হেফাজতে ইসলাম এবং স্থানীয় আলেমদের সঙ্গে আলোচনার ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের সংগঠকেরা। সে অনুযায়ী, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার এবং তাঁর সহকর্মীরা দুটি গাড়ি নিয়ে গতকাল সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। বেলা দুইটার দিকে তাঁরা ফেনীতে পৌঁছান। খবর পেয়ে ফেনী পুলিশ তাঁদের ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ট্রাংক রোডের পুলিশ লাইনে নিয়ে যায়। সেখানে তাঁদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টা ফেনী পুলিশ লাইনে অবস্থানের পর বেলা তিনটার দিকে তাঁরা আবার ঢাকার উদ্দেশে রওনা হন। ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের সংগঠকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাঁদের ঢাকায় ফেরত পাঠানো হয় বলে পুলিশ সূত্র জানায়।এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ সব কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান। তবে নাম প্রকাশ না করার শর্তে ফেনী পুলিশের একজন কর্মকর্তা গণজাগরণ মঞ্চের নেতাদের দুপুরে পুলিশ লাইনে খাওয়া এবং এরপর ঢাকায় ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।ব্লগারদের সঙ্গে কোনো বৈঠক করা হবে না বলে জানিয়ে দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমাদের না জানিয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এটা তাঁদের ব্যাপার। তবে আল্লাহ-রাসুলের কটূক্তিকারীদের সঙ্গে কোনো বৈঠক নয়। প্রশাসনের সঙ্গে আমাদের কথাবার্তা হবে।’কমিটি প্রত্যাখ্যান: আল্লাহ-রাসুলকে অবমাননা করে যাঁরা ব্লগে মন্তব্য দিয়েছেন, তাঁদের শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতা আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে বিচার বিভাগীয় কমিটি চাই, যে কমিটিতে তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ এবং কোরআন-হাদিসের ওপর জ্ঞান আছে এমন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি চাই।’জাগরণ মঞ্চের প্রতিবাদ সভা আজ: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের সংগঠকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হবে। সমাবেশে প্রগতিশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।