সমাবেশস্থলের জন্য অনুমতি চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুনের সমাবেশের জন্য তিনটি স্থান পাওয়ার অনুমতি চেয়েছে বিএনপি। এসব স্থান হচ্ছে রাজধানীর পল্টন ময়দান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও মানিক মিয়া এভিনিউ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, পল্টন ময়দানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে এবং পল্টন ও মানিক মিয়া এভিনিউয়ের জন্য ঢাকা সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের কাছ আবেদন করা হয়েছে। এখনো অনুমতি পাওয়া যায়নি। তবে তাঁরা এ ব্যাপারে আশাবাদী বলে জানান।১১ জুনের সমাবেশ সফল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তরিকুল ইসলামের সভাপতিত্বে ১৮ দলীয় জোটের মহানগর পর্যায়ের সভা হয়।তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে চারদলীয় জোটের মহাসমাবেশ হয়। মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে সরকারকে ৯০ দিনের সময় বেঁধে দেন। তিনি বলেছিলেন, ‘এই সময়ের মধ্যে দাবি মেনে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে।’ ৯০ দিন শেষ হবে ১০ জুন। এর মধ্যে দাবি মানা না হলে ১১ জুন ঢাকায় জনসভা থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলেন বিরোধীদলীয় নেতা।এদিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে জাতীয় সংসদে সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, সমাজে যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের লোক নয় বা তাঁদের পোষ্য বুদ্ধিজীবী নন, তাঁদের ওপর সরকারের খড়্গ নেমে আসে। আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তরিকুল ইসলাম এর নিন্দা জানান।