সমাবেশে আলাদা যোগ দেওয়ার প্রস্তুতি দুই পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘি ময়দানে আজ সোমবার বিএনপির সমাবেশ। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের জেলা সদরের ন্যায় চট্টগ্রামেও সমাবেশের ডাক দেওয়া হয়। নগর বিএনপির দুই পক্ষের অনুসারীরা সমাবেশে আলাদাভাবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোমবার একই সময় প্রত্যেক জেলা সদরে সমাবেশ হবে। লালদীঘি ময়দানের সমাবেশের আয়োজক চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মহানগর এলাকায় এই সমাবেশ হচ্ছে বলে নগরের নেতা-কর্মীরাও এতে যোগ দেবেন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা গত শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে পৃথক প্রস্তুতি সভা করেন। এই দুই পক্ষের অনুসারীরা সমাবেশ সফল করতে আলাদাভাবে সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।আমীর খসরু প্রথম আলোকে বলেন, ‘লালদীঘি ময়দানের সমাবেশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাদের আমরা দায়িত্ব বণ্টন করে দিয়েছি। সবকিছু হচ্ছে কেন্দ্রের ছক অনুযায়ী, যাতে লালদীঘি ময়দানের সমাবেশ সফল হয়।’এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কেউ আলাদা করে ভিন্ন জায়গায় জড়ো হলে, সেটা তাদের ব্যাপার। আমরা দলের চেয়ারপারসনের নির্দেশে ও দলীয় শৃঙ্খলা মেনে সব কাজ করছি। দলীয় নেতা-কর্মীরা সরাসরি লালদীঘি ময়দানে যোগ দেবে।’ নোমানের অনুসারীরা বিকেলে প্রথমে শহীদ মিনার চত্বরে জড়ো হবেন। নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতা-কর্মীরা দুপুরের দিকে শহীদ মিনারের উদ্দেশে রওনা হবেন। বিকেল চারটার মধ্যে তাঁরা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে লালদীঘি ময়দানে যাবেন।নোমানের অনুসারী হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ‘শহীদ মিনার চত্বরে আমরা ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক জড়ো করার ব্যবস্থা করছি। সেখান থেকে মিছিল নিয়ে আমরা লালদীঘি ময়দানের সমাবেশে যোগ দেব। খন্দকার মোশাররফ সমাবেশে না এলে শহীদ মিনার চত্বরে আমাদের সমাবেশ হবে।’নোমানের আরেক অনুসারী ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘খন্দকার মোশাররফ সুনাম নিয়ে চট্টগ্রাম ত্যাগ করবেন বলে আমরা আশা করছি। তবে আমাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত নেতা-কর্মীরা বিভিন্ন উপদলে বিভক্ত। তাঁরা লালদীঘি ময়দানে গোলযোগ করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি।’