সমাবেশে আসার পথে হামলায় বিএনপির ৪০ নেতা-কর্মী আহত
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসার পথে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে দলটির নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির কমপক্ষে ৪০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় আট-দশটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে মহাসমাবেশগামী বাস আটকে দেওয়া হয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা, সালনা ও নবাবগঞ্জে তল্লাশি এবং গাড়ির কাগজপত্র দেখার নামে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২০: গাজীপুরের শ্রীপুর থানা বিএনপির সভাপতি শাহজাহান ফকির জানান, দলের শ্রীপুর ছাড়াও ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও এর আগে-পরে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বহনকারী গাড়িগুলোতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ সময় আট-দশটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানের অভিযোগ, শ্রমিক লীগের হামলায় শ্রীপুর থানা ছাত্রদলের সদস্য আলতাব হোসেন মণ্ডল, কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ময়মনসিংহ ও জামালপুরের বেশ কিছু নেতা-কর্মী আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান জানান, বিএনপি ও শ্রমিক লীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন বলেন, শ্রমিক লীগের কোনো নেতা-কর্মী কারও গাড়িতে বাধা দেননি বা হামলা করেননি। বাস ভাড়া করা নিয়ে বিএনপির কর্মী ও পরিবহন শ্রমিকেরা বিবাদে জড়িয়ে পড়লে মহাসড়কে যানজট লেগে যায়।এলোপাতাড়ি ট্রাক রেখে বাধা: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা-কর্মীরা গতকাল দুপুরে ঢাকায় দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসছিলেন। এ সময় যুবলীগের লোকজন রূগপঞ্জ উপজেলার রূপসী, তারাব, বিশ্বরোড, গাউছিয়া ও আড়াইহাজার এলাকার সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে। এতে সমাবেশগামী নেতা-কর্মীদের শতাধিক গাড়ি আটকে পড়ে। দীর্ঘ সময় পরও ট্রাক না সরালে বেশির ভাগ নেতা-কর্মী ফিরে যান। কিছু নেতা-কর্মী বিকল্প মাধ্যমে ঢাকায় যান।এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে নরসিংদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।এ ছাড়া শহরের চাঁদমারী নতুন আদালত এলাকায় ঢাকার সমাবেশের উদ্দেশে মিছিল নিয়ে রওনা করা বিএনপির নেতা-কর্মীদের ওপর যুবলীগের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে ফতুল্লা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের মাথা ফেটে গেছে। তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রথম আলোকে বলেন, তাঁর সংগঠনের কোনো নেতা-কর্মী সমাবেশগামী গাড়ির পথ রোধ করেননি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার দুপুর দুইটার দিকে জানান, যানবাহন চলছে। কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।হামলা, পাল্টাপাল্টি ধাওয়া: জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে কেরানীগঞ্জের পূর্ব আগানগর আলম মার্কেটের সামনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির ১৫ জন কর্মী আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত কর্মীদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন আকবর (৩৫), আ. লতিফ (৩৬), রহমান (২৮), বাবু (২৪), ইয়াসিন (২৮) ও বাবুল (২৬)। পরে বিএনপির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বিএনপির নেতা মো. ইশা খান অভিযোগ করেন, ‘বিনা উসকানিতে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. রব খান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়নি। তারা নিজেদের মধ্যে মারামারি করেছে।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মনির হোসেন জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।ভ্রাম্যমাণ আদালতের নামে বাধা!: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস সড়কের খাড়াজোড়া এলাকায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট মাহমুদুল কবীর মুরাদ এবং কালিয়াকৈর থানার পুলিশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে অভিযান চালান। এ সময় ফিটনেসবিহীন ১৪টি যাত্রীবাহী বাস থেকে ৫৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।কালিয়াকৈর উপজেলা বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন, উপজেলা সদর ও উত্তরবঙ্গ থেকে মহাসমাবেশের উদ্দেশে আসা বাসগুলো থামিয়ে জরিমানা আদায় ও অযথা বিলম্ব করানো হয়। যুবদলের নেতা আনোয়ার ও ছাত্রদলের নেতা শিপলু বকসির অভিযোগ, আদালত ট্রাক, টেম্পো ও ম্যাক্সি বাদ দিয়ে শুধু যাত্রীবাহী বাস আটক করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শুধু ঢাকাগামী বাস নয়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসও আটক করা হয়েছে। মেজিস্ট্রেট মাহমুদুল কবীর মুরাদ জানান, আদালতের অভিযান অব্যাহত থাকবে।বাসের কাগজপত্র দেখার নামে বাধা!: সকাল থেকে পুলিশ গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা, সালনা ও বাঘের বাজার এলাকায় তল্লাশি চৌকি বসায়। এসব স্থানে যাত্রীদের শরীর তল্লাশি ও গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে সমাবেশগামী নেতা-কর্মীদের হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, পল্টনের মহাসমাবেশে যোগ দিতে নবাবগঞ্জ উপজেলা থেকে ১৫টি বাস ঢাকার উদ্দেশে রওনা হলে টিকরপুর চৌরাস্তায় স্থানীয় থানার পুলিশ বাস থামিয়ে নেতা-কর্মীদের নামিয়ে দিয়ে বাসের কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। পুলিশের বাধার কারণে অনেক নেতা-কর্মী সমাবেশে যোগ দিতে পারেননি বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ইফতেখার আল ফারুকী।নবাবগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, সমাবেশে যেতে কাউকে বাধা দেওয়া হয়নি। নিয়মিত দায়িত্ব হিসেবে পুলিশ গাড়ির কাগজপত্র যাচাই করেছে।পথে পথে বাধা: উপজেলা বিএনপি সূত্রের অভিযোগ, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে গতকাল ভোরে বিএনপির নেতা-কর্মীরা বাসযোগে ঢাকার মহাসমাবেশে যাচ্ছিলেন। পথে ডোয়াইলের কেন্দুয়া সেতুপাড়ে, আওনায় তারাকান্দি ও সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাঁদের বাধা দিয়েছেন। বাধার মুখে শেষ পর্যন্ত তাঁরা মহাসমাবেশে যেতে পারেননি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, তাঁদের দলের নেতা-কর্মীরা কোনো বাসে বাধা দেননি।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ, গাজীপুর, শ্রীপুর ও কালিয়াকৈর (গাজীপুর), নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ (ঢাকা) এবং সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]