আগামীকাল সোমবারের সমাবেশে বাধা দেওয়া হলে অথবা কেন্দ্রীয় নেতাদের মুক্তি না দিলে হরতালের কর্মসূচি দিতে পারে বিএনপি। সোমবারের সমাবেশ থেকে হরতালসহ পর্যায়ক্রমে বিক্ষোভ সমাবেশ, অনশন, গণমিছিল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের এক পর্যায়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ১১ জুন সোমবারের কর্মসূচি পালনে সরকার অনুমতি না দিলেও ওই দিন নয়া পল্টনে সমাবেশ করবে বিএনপি। সরকারের তরফ থেকে যত বাধাই আসুক না কেন ওই দিন সমাবেশ হবেই।বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, ১১ জুনের সমাবেশের প্রস্তুতি, সমাবেশের জন্য স্থান বরাদ্দ না পাওয়া, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আবদুল মইন খান, জমির উদ্দীন সরকার, রফিকুল ইসলাম মিয়া, তরিকুল ইসলাম ও সারোয়ারী রহমান উপস্থিত ছিলেন। এদিকে সোমবার সমাবেশ করার জন্য তিনটি স্থানের যেকোনো একটি বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি। এগুলো হলো: পল্টন ময়দান, মানিকমিয়া এভিনিউ ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়ক। তবে গতকাল পর্যন্ত কোনো স্থান বরাদ্দ পায়নি বিএনপি। গত ১২ মার্চ খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য সরকারকে ৯০ দিনের সময় বেঁধে দেন। আজ রোববার সেই সময় শেষ হচ্ছে। খালেদা জিয়া ১২ মার্চের সমাবেশে বলেছিলেন, ৯০ দিনের মধ্যে দাবি মানা না হলে ১১ জুনের সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির একটি প্রতিনিধিদল সমাবেশ করার অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছে। কিন্তু দুই ঘণ্টা অপেক্ষার পরও পুলিশ কমিশনার তাদের সাক্ষাৎ দেননি। তাদের বলা হয়েছে, কমিশনার ব্যস্ত আছেন। তিনি বলেন, জায়গা বরাদ্দ না দিয়ে সরকার অসৌজন্যমূলক আচরণ করেছে। এটা গণতন্ত্রের জন্য ভালো হবে না। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকেই এর দায় নিতে হবে। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিমধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি তাঁরা শেষ করেছেন। সমাবেশে অংশ নিতে ৩০ ভাগ নেতা-কর্মী ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন।মির্জা ফখরুলসহ অন্য নেতাদের অংশগ্রহণ অনিশ্চিত: কালকের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের অন্য নেতাদের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পেলেও তাঁরা মুক্ত হননি।গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে নিম্ন আদালত ৪২ জন নেতার জামিন আবেদন মঞ্জুর না করে তাঁদের কারাগারে পাঠান। গতকাল এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন, উচ্চ আদালত জামিন দেওয়ার পরও কারাবন্দী বিএনপির নেতাদের মুক্তি বিলম্বিত করার ষড়যন্ত্র করছে সরকার।