সমাবেশে সরকারের সহযোগিতা চায় বিএনপি
১৮ দলের সমাবেশে বিরোধীদলীয় নেতা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বক্তৃতা দিতে পারেন, এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি।৪ মে ঢাকায় ১৮ দলের সমাবেশের কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ সোমবার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও জেলা কমিটির নেতাদের যৌথসভা হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের প্রতি এ আহ্বান জানান।ব্রিফিংয়ে খন্দকার মোশাররফ বলেন, বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাভারের বিপর্যয় নিয়ে মানুষ উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চায় জনগণ।আগামী ৪ মে ১৮ দলের সমাবেশে বিরোধী দলের নেতা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বক্তৃতা দিতে পারেন, এ জন্য সরকারের সহযোগিতার আহ্বান জানান তিনি। গতকাল রোববার রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২ মে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাহার করা হবে কি না—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান এসেছে। তবে এ কর্মসূচি এখন পর্যন্ত বহাল আছে।’রানাকে গ্রেপ্তার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গ্রেপ্তার যেন লোক দেখানো না হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য ব্যবস্থা নিতে হবে।খন্দকার মোশাররফ জানান, মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়েছে ১৮ দল। অনুমতি না পেলে নাইটিঙ্গেল মোড়ে সমাবেশ করার চিন্তা আছে। তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন সংগঠনকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তাই আমরা আশা করব, সরকার আমাদেরও সমাবেশ করার অনুমতি দেবে।’