সমাবেশের পর শাহবাগে হামলার চেষ্টা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের পর একদল যুবক আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লাঠিসহ একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মত্স্য ভবনের সামনে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, এরা হেফাজতের সমাবেশে আসা জামায়াত-শিবিরের কর্মীরা। আজ সকাল থেকেই তারা কয়েক দফা প্রেসক্লাব এলাকায় কদম ফোয়ারার সামনের পুলিশি অবরোধ ভাঙ্গার চেষ্টা করে। পরে হেফাজত কর্মীরা সেখানে এসে মানবঢাল তৈরি করে তাদের প্রতিহত করেন। এভাবে বিকাল বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত হেফাজত কর্মীরা তাদের আটকে রাখেন।সূত্র জানায়, সমাবেশ শেষে ওইসব যুবকরা লাঠি হাতে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে তাঁরা মত্স্য ভবনের সামনের সড়ক দিয়ে শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করেন। খবর পেয়ে এদের প্রতিহত করতে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা লাঠি নিয়ে মত্স্য ভবন ও রমনার দিকে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুক্ষণ পরপরই হামলাকারীরা রমনা পার্কের ভেতর দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাঁদের ঠেকাতে শিশুপার্কের উল্টোদিকে রমনা পার্কের প্রবেশমুখে বর্তমানে পুলিশ ও গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নিয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।রমনা জোনের পুলিশের উপকমিশনার মারুফ হাসান ছাত্রশিবির সন্দেহে পাঁচজনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।আজ বিকেলে এই ঘটনার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চকে উত্তেজিত করার চেষ্টা করবেন না। এদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়েছেন। সেখানে তাঁরা জামায়াতবিরোধী স্লোগান দিচ্ছেন বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য আহত:হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে গণজাগরণ মঞ্চের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মো. আফসার আহমদ আহত হয়েছেন। শাহবাগে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার পর তিনি পড়ে গিয়ে পায়ে আঘাত পান বলে জানা গেছে।আফসার আহমদকে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁর বাম পায়ে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।