সমাবেশের মৌখিক অনুমতি পেল ১৮ দল
আগামীকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। সেখানে কমিশনার এ মৌখিক অনুমতি দেন। বৈঠক শেষে আবদুস সালাম প্রথম আলো ডটকমকে বলেন, কোনো শর্ত ছাড়াই মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, ‘পুলিশের অনুমতিতে কিছু আসে-যায় না। আগামীকাল নয়াপল্টনে ১৮-দলীয় জোটের মহাসমাবেশ হবেই হবে।’ আগামীকালের সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। বিএনপির এই নেতা বলেন, এক সপ্তাহ আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে এই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখন (দুপুর ১২টা) পর্যন্ত তা দেওয়া হয়নি।ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র খোকা বলেন, ‘আজ বেলা দুইটার পর পুলিশ কমিশনার আলোচনার জন্য আমাদের ডেকেছেন। এরপর হয়তো অনুমতি দেওয়া হবে। শেষ মুহূর্তে অনুমতি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে সমাবেশের প্রস্তুতি ভালোভাবে নিতে না পারি।’খোকা দাবি করেন, কালকের সমাবেশ ঢাকা মহানগরের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বৃহত্ সমাবেশে পরিণত হবে। রাজধানীর উত্তরা, মিরপুর, লালবাগ, ডেমরাসহ বিভিন্ন জায়গায় জনসভার প্রচারপত্র বিলি ও মাইকিংয়ে পুলিশ ও সরকারদলীয় কর্মীরা বাধা দিচ্ছেন বলে খোকা দাবি করেন।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়ে এখন গণতন্ত্রকে খাঁঁচায় বন্দী করার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকার প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করছে। দলীয় মাফিয়া দিয়ে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। এ সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে সাধারণ মানুষ এখন দুঃসহ দুর্ভোগের মুখে পড়েছে। মির্জা ফখরুল বলেন, আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ১৪৪ জন ও চট্টগ্রামের বহদ্দারহাটে উড়াল সড়কের গার্ডার ভেঙে নিহত ১৭ জনের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আর এ দুটি ঘটনায় গতকাল সোমবারই কালো পতাকা উত্তোলন ও বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জামায়াত নেতা শফিকুল ইসলামসহ ১৮-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।