সমালোচনার পরও ক্রসফায়ার বন্ধ হয়নি: মেনন
ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সেটি বন্ধ হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন।মহাখালীর ব্র্যাক সেন্টারে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ নির্যাতন প্রতিরোধ এবং নির্যাতনবিরোধী কনভেনশনের প্রটোকল অনুমোদন-বিষয়ক আজ রোববার দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে। সেখানে আজ সকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন।রাশেদ খান মেনন বলেন, ‘ক্রসফায়ারের প্রশ্নে অনেক আলোচনা ও অনেক চিত্কার-চেঁচামেচির পরও ক্রসফায়ার বন্ধ হয়ে যায়নি।’ র্যাবের গুলিতে এক পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বড় একটা অমানবিক ঘটনা ঘটে যাওয়ার পরও লিমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘পুলিশি হেফাজতে নির্যাতন নতুন কোনো ঘটনা নয়। নির্যাতন করার জন্য পুলিশরা এক রকম প্রশিক্ষিত হয়েই থাকে।’আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এরোমা দত্ত প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠনটির সভাপতি ড. সি আর আবরার। উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর সহযোগী অধ্যাপক সায়রা রহমান খান।আলোচনা সভায় উইলিয়াম হান্না বলেন, ‘নির্যাতন বন্ধে ও নির্যাতনবিরোধী প্রটোকল অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছা এবং নাগরিক সমাজের সচেতনতা বড় ভূমিকা পালন করতে পারে।’ তিনি বলেন, ‘কোনো অজুহাতেই নির্যাতনকে মেনে নেওয়া যায় না।’এরোমা দত্ত বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ম মেনে চলে না। তারা বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ থাকতে পারে না।’