সমাহিত করা হলো স্যামসন এইচ চৌধুরীকে
দেশের বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে আজ শনিবার বেলা দুইটার দিকে পাবনার আতাইকুলার বৈকুণ্ঠপুর গ্রামে পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে স্যামসন চৌধুরীর মরদেহ পাবনার আতাইকুলায় পৌঁছানোর পর চার্চে প্রার্থনা হয়। প্রার্থনা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পাবনা শহরের স্কয়ার ফার্মায়। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। স্যামসন চৌধুরীর সমাধিস্থলে সমবেত হন হাজার হাজার মানুষ।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. শাহাবুদ্দিন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁর ছেলে তপন চৌধুরী তাঁদের পরিবার ও মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।দেশের বিশিষ্ট এ শিল্পপতি সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে বার্ধক্যজনিত রোগে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। সিঙ্গাপুর থেকে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে স্যামসন এইচ চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে। রাত সাড়ে ১০টায় সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এতে স্যামসন এইচ চৌধুরীর পরিবারের সদস্যসহ শুভানুধ্যায়ীরা যোগ দেন। প্রার্থনা সভা শেষে রাতে মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমাগারে।