সমাহিত হলেন আবদুর রাজ্জাক
শেষ নিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক। আজ সোমবার বিকেল চারটায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।এর আগে বেলা ১১টায় রাজ্জাকের মরদেহ হেলিকপ্টারে করে তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। শরীয়তপুরের ডামুড্যা কলেজমাঠে লাখো মানুষ তাঁর কফিন গ্রহণ করে। কফিনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই ছেলে।এরপর আত্মীয়স্বজনকে দেখানোর জন্য মরদেহটি তাঁর বাড়িতে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার নেওয়া হয় ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে। সেখানে বেলা দুইটা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানায়।বেলা আড়াইটায় ডামুড্যা উপজেলা মাঠে তাঁর জানাজায় অংশ নেন লাখো জনতা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, ডেপুটি স্পিকার শওকত আলী, শরিয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজ্জাম্মেল হক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের কেন্দ্রীয় নেতা-কর্মীরা।জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় নিয়ে আসা হয়। বিকেল পৌনে চারটায় বনানী কবরস্থানে শেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এই বর্ষীয়ান নেতা গত শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টা ৫০ মিনিটে লন্ডনের কিংস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।