সমিতির ঘোষণায়ও বদলায়নি বাড়তি ভাড়া আদায়ের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমালিকেরা সরকার-নির্ধারিত হারে ভাড়া নেওয়ার ঘোষণা দিলেও গতকাল সোমবার বাস্তবে তা দেখা যায়নি। গতকালও রাজধানীর বিভিন্ন এলাকায় বাস-মিনিবাসে গত কয়েক দিনের মতোই বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বিমানবন্দর হয়ে মতিঝিল পথে চলাচলকারী বাসে তিন কিলোমিটার দূরত্বের জন্যও ১৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।বাসমালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি গত রোববার সংবাদ সম্মেলন করে বলেছিল, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা সোমবার থেকে কেউ আদায় করতে পারবে না।সরেজমিনে বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা গেছে, বিমানবন্দর হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলকারী ফাল্গুন, প্রভাতী বনশ্রী, কালীগঞ্জ ট্রান্সপোর্ট, অনাবিল, সূচনা বিআরএফ, গাজীপুর পরিবহন, ঢাকা পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।সূচনা বিআরএফ পরিবহনে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা আদায় করা হচ্ছে। ফাল্গুন ও অনাবিল পরিবহনে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা। প্রভাতী বনশ্রীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।ফাল্গুন ও অনাবিল পরিবহনে বিমানবন্দর থেকে মেরুল বাড্ডা পর্যন্ত ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এ পথের দূরত্ব ৯ দশমিক ৮ কিলোমিটার, সরকার-নির্ধারিত হার অনুযায়ী ভাড়া হওয়ার কথা ১৫ টাকা।তবে গতকাল ঢাকা সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাসভাড়া নিয়ে যে অনিয়ম ছিল তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সমিতির পক্ষ থেকে চারটি পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে। তবে বাস্তবে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। কোনো পথেই ভাড়া কমেনি।কমার পর বাড়ল বিআরটিসির ভাড়া: ১৯ মে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে মিরপুর-১০ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নেওয়া হয় ২৫ টাকা। ২৩ মে ওই দূরত্বে ভাড়া নেওয়া হয় ২০ টাকা। গতকাল দেখা যায়, মিরপুর-১০ থেকে মতিঝিলের ভাড়া হয়ে গেছে ২৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বিআরটিসির বাসে ভাড়ার এই তারতম্য যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।গতকাল দুপুরে মতিঝিলে কথা হয় তাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সত্যিকারের ভাড়া যে কত, তাই বুঝতে পারছি না। বিআরটিসির বাসেই একেকবার একেক ভাড়া নেওয়া হচ্ছে। বেসরকারি মালিকদের সঙ্গে বিআরটিসির আর পার্থক্য কী থাকল?’বিআরটিএর হিসাবে মিরপুর-১০ নম্বর থেকে মতিঝিলের দূরত্ব ১৩ কিলোমিটার। সে হিসেবে ভাড়া হয় ২০ টাকা ১৫ পয়সা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরপুর-১০ নম্বরসহ রাজধানীর অনেক স্থানে স্বয়ংক্রিয়ভাবে (মেশিনে) টিকিট প্রিন্ট দেওয়া হয়। যাত্রীরা নির্ধারিত গন্তব্যের টিকিট চাইলে বিক্রেতা ভাড়া মেশিনে ঢুকিয়ে প্রিন্ট দিয়ে দেন।বিমানবন্দরের কাছে বিআরটিসির টিকিট কাউন্টারেও দূরত্ব বিবেচনা না করে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে। ওই কাউন্টার থেকে ১৫ টাকার নিচে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এই প্রতিবেদক বিমানবন্দর থেকে খিলক্ষেতের টিকিট চাইলে ১৫ টাকার টিকিট দেওয়া হয়। টিকিটে লেখা বিমানবন্দর-বনানী। অথচ বিমানবন্দর থেকে জোয়ারসাহারা ও খিলক্ষেতে বিআরটিসির স্টপেজ আছে।বিমানবন্দর থেকে খিলক্ষেতের দূরত্ব তিন কিলোমিটার। সরকার-নির্ধারিত হার অনুযায়ী এ দূরত্বে ভাড়া হয় চার টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সর্বনিম্ন ভাড়ার (পাঁচ টাকা) চেয়েও কম। এ ছাড়া বিমানবন্দর থেকে বনানীর দূরত্ব ৮ দশমিক ২ কিলোমিটার। বনানী পর্যন্ত হলেও ভাড়া হয় ১২ টাকা ৭১ পয়সা।অভিযান: ঢাকা মহানগর পুলিশের অভিযানে গতকাল অতিরিক্ত ভাড়া আদায় করায় ১১৬টি বাসের বিরুদ্ধে মামলা হয়। এ অভিযানে দুটি বাস জব্দ করা হয়। এ ছাড়া মিটারে যাত্রী বহন না করার অপরাধে ২৬৭ জন সিএনজিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করা হয়। ১৩টি অটোরিকশা এবং দুজন চালকের লাইসেন্স জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় এক হাজার টাকা।মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাড়তি ভাড়া আদায়ের দায়ে গাবতলী-সায়েদাবাদ পথে চলাচলকারী দুটি ‘লোকাল সিটিং’ মিনিবাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অভিযানকালে আদালত ১৬ হাজার ৯০০ টাকা জরিমানাও আদায় করেন।