হাইকোর্টের এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার পর উদ্ভূত সমস্যা সমাধানে নতুন প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। তবে সরকার-সমর্থক আইনজীবীরা আগের অবস্থানেই রয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন সমিতির সভাপতি ও সম্পাদক। এরপর তাঁরা উভয় পক্ষ থেকে পাঁচজন করে জ্যেষ্ঠ আইনজীবী নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন। এদিকে দুই মামলায় ১২ আইনজীবীর জামিন আবেদনের ওপর গতকাল আদেশ হয়নি। সকালে ১২ জনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় বাড়ানোর আরজি জানালে আদেশ এক দিনের জন্য মুলতবি রাখা হয়। সূত্র জানায়, প্রধান বিচারপতির সঙ্গে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজার সাক্ষাতের সময় আইনজীবীদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা নিয়ে আলোচনা হয়। আইনজীবী নেতারা উভয়পক্ষ থেকে পাঁচজন করে জ্যেষ্ঠ আইনজীবী নিয়ে আলোচনার প্রস্তাব করেন।পরস্পর বিপরীত অবস্থান: প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর সমিতির সভাপতি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী আমি সমঝোতার উদ্যোগ নিয়েছিলাম। আমি ও সমিতির সম্পাদক ব্যক্তিগতভাবে অন্য পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠকে যোগ দিতে অনুরোধ জানাই। কিন্তু তাঁরা বৈঠকে যোগ দেননি। এ বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছি।’ তিনি বলেন, আইনজীবীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে। আদালত অবমাননার রুল ভিন্ন বিষয়। আইনজীবীদের বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড। কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে আইনজীবীরা হয়তো জামিন পাবেন না। যদি জামিন না দেওয়া হয় তাহলে সাধারণ আইনজীবীরা আমাদের আওতার বাইরে চলে যেতে পারেন। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অনুগ্রহপূর্বক আপনি নমনীয় হোন।’এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিপথগামী আইনজীবীদের জন্য আইনজীবীদের কোনো সহানুভূতি নেই। তাঁদের জন্য কোনো সমঝোতা হতে পারে না। ভবিষ্যতে বিশৃঙ্খলা প্রতিরোধে ওই আদালতে ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে বারান্দায়ও বসানো হবে। আদালতের ভাবমূর্তি, বিচারপতিদের মর্যাদা এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব ইত্যাদি বিষয়ে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আপস করতে পারি না।ফোরামের মানববন্ধন: বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবাদ ও আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনজীবী সমিতির প্রবেশপথে দুপুরে এই মানববন্ধনে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন, রাগিব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।