সমীক্ষায় লাভজনক হলে ট্রানজিট মেনে নেবে বিএনপি
ভারতকে দেওয়া ট্রানজিট-সুবিধা দেশের ‘সার্বভৌমত্বের জন্য হুমকি না হলে’ এবং অর্থনৈতিকভাবে লাভজনক হলে বিএনপি তা মেনে নেবে। এ জন্য আগে বিষয়গুলো সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে।ফি ছাড়া ভারতকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট দেওয়া হলে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ কথা বলেন।এম কে আনোয়ার বলেন, ‘এমনিতে ট্রানজিট দিয়ে বাংলাদেশ একবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ফি ছাড়া এই সুবিধা দিলে বাংলাদেশ আরেক ধাপ ক্ষতির সম্মুখীন হবে।’বাংলাদেশের ওপর দিয়ে ফি ছাড়া ভারতের পণ্য আনা-নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ট্রানজিটের ক্ষেত্রে সরকারের উচিত হবে অবিলম্বে আন্তর্জাতিক মান অনুযায়ী ফি নেওয়া।এক সময়ের বাণিজ্যমন্ত্রী এম কে আনোয়ার অভিযোগ করেন, সরকার ভারতের চাপের মুখে বন্দর, করিডর ও ট্রানজিট-সুবিধা দিচ্ছে। এশিয়ান হাইওয়ের সুবিধা থেকেও একই কারণে এ দেশের মানুষ বঞ্চিত হবে।তিনি প্রশ্ন করেন, ‘ভিন দেশের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা করতে বাংলাদেশের ২৪ হাজার কোটি টাকা খরচ হবে। এতে ভারতের সময় ও তেল খরচ বাঁচবে। আমাদের কী লাভ হবে?’বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সরকারের ‘ভুল সিদ্ধান্তের’ প্রতিবাদ করেছে মন্তব্য করে এম কে আনোয়ার বলেন, ‘এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করার আগে সরকারের ভাবা উচিত ছিল। রাজনৈতিকভাবে জনমত সৃষ্টির উদ্যোগ নেওয়া দরকার ছিল।’বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতা ও বুদ্ধিজীবীরা শুরু থেকেই বলে আসছেন ট্রানজিট দেওয়া হলে সরকার প্রতিবছর দুই থেকে তিন বিলিয়ন ডলার আয় করবে। এখন তাঁরা কোথায়? এখন কেন কথা বলছেন না?’ তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, “যারা ট্রানজিটের বিরোধিতা করে, তারা বোকা।” আমি আপনাকে বোকা বলব না। আমি তাঁকে বলতে চাই, আপনার যে প্রজ্ঞা, তা কোন দেশের স্বার্থে ব্যবহার করছেন?’ বাংলাদেশকে ‘ট্রানজিট কান্ট্রি’ বলার ব্যাখ্যাও অর্থমন্ত্রীর কাছে দাবি করেন এম কে আনোয়ার।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।