সমুচার দাম নিয়ে আইনি লড়াই
সস্তায় সমুচা খাওয়ার দিন শেষ। তাই বলে এর দাম নিয়ে আইনি লড়াই হবে! ভাবাই যায় না। বাস্তবে তা-ই হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সমুচার দাম নিয়ে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন প্রস্তুতকারকেরা। সুপ্রিম কোর্টের এক নির্দেশে রদ করা হয়েছে প্রাদেশিক সরকারের বেঁধে দেওয়া সমুচার দাম। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।একটি সমুচার দাম কত হবে? তা নিয়ে টানাপোড়েন চলছিল পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক সরকার ও মজাদার ওই খাবারের উত্পাদক প্রতিষ্ঠানগুলো সমিতি পাঞ্জাব বেকার্স অ্যান্ড সুইটস ফেডারেশনের মধ্যে। এই মতভেদ শেষ পর্যন্ত আদালতে গড়ায়।২০০৯ সালে লাহোর সরকার সমুচার দাম স্থানীয় মুদ্রায় ছয় রুপি নির্ধারণ করে। ওই সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ সমুচা বিক্রি করলে তাঁকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেটরা।পাঞ্জাবের বেকার্স ও সুইটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আফজাল সরকারের এ নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন। লাহোর হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।পরে মুহাম্মদ আফজাল এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সেখানে আবেদনকারী বলেন, সমুচা সংবিধিবদ্ধ আইনের আওতায় পড়ে না। এ কারণে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের এই খাবারের দাম নির্ধারণের এখতিয়ার নেই। এর বিপরীতে পাঞ্জাব সরকারের কৌঁসুলিরা আদালতে দাবি করেন, সাধারণ মানুষের কাছে বহুল বিক্রি হওয়া পণ্যের দাম নির্ধারণের অধিকার প্রাদেশিক সরকারের কাছে। সুপ্রিম কোর্ট আপিল আবেদনটি গ্রহণ করে গত মঙ্গলবার সমুচার দামের বিষয়ে প্রাদেশিক সরকারের নির্দেশ রদ করেন।সমুচা নিয়ে এই আইনি লড়াইয়ের ঘটনা সংবাদমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।