সমুদ্র জয় করেছি, এখন কাজ মানুষের মন জয় করা
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সমুদ্র জয় করেছি, এখন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। তাই আগামী এক বছর আমাদের কাজ হবে মানুষের মন জয় করা। আমদের ভুল হতে পারে, ভুল স্বীকার করে সংশোধন করার মধ্যে কোনো লজ্জা নেই। আমরা ভুল স্বীকার করে সংশোধন করে জনগণকে খুশি করতে পারব।’আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী মাঠে শহীদ আহসানউল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে গাজীপুরের টঙ্গী, পুবাইল ও গাছা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭৯ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আহসানউল্লাহ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান। বক্তব্য দেন টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লাহ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, শিক্ষার্থী হাবিবুর রহমান ও তামান্না হাবিবা প্রমুখ।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা এমন কোনো অনুকরণীয় দৃষ্টান্ত রাজনীতিতে তোমাদের দিতে পারি নাই। আজকের শিশুরা টেলিভিশনের পর্দা খুলে দেখে রাজনীতিকদের যুদ্ধংদেহী মনোভাব ও আক্রমণাত্মক চেহারা। আমরা প্রতিহিংসার আগুনে জ্বলি আর অন্ধ আক্রোশের প্রকাশ ঘটাই। এই সব আক্রমণাত্মক, অযত্নশীল কথা পার্লামেন্ট থেকে টেলিভিশনের পর্দায় শিশুরা যখন দেখতে পায়, তখন দেশের রাজনীতির প্রতি বা রাজনীতিবিদ হওয়ার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। আজকে এই বাস্তবতাকে অস্বীকার করে আমরা অনুকরণীয় কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারব না। আমাদের দেশে আজকে এত নেতা কিন্তু কয়জন নেতা আছে, যারা শিশুদের জন্য অনুকরণীয়।’ ওবায়দুল কাদের বলেন, ‘আজকে ছাত্ররা কী হতে চাও জানতে চাইলে বলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু কেউ একজনও বলে না আমি রাজনীতি করব। মেধাবীরা যদি রাজনীতিতে না আসে, তবে দেশে রাজনীতি দিন দিন মেধাশূন্য হয়ে যাবে। কাজেই অভিমান করে ভালো লোকেরা রাজনীতি থেকে দূরে থাকবেন না। ভালো লোকেরা রাজনীতিতে না আসলে রাজনীতি খারাপ লোকের হাতে চলে যাবে।’ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষকদের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। তাঁরা যদি রাজনীতি করেন, তাহলে ছাত্রদের শিক্ষা দেবেন কখন। চিকিত্সকেরা রাজনীতি করেন, তাই রোগীরা সেবা পান না। আজকে আদালতেও নোংরা রাজনীতি ঢুকে পড়েছে।