উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও পুরোনো জাহাজ আমদানির অনাপত্তি দেওয়ায় সমুদ্র পরিবহন অধিদপ্তরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় বা আদালতের পুনর্নির্দেশনা না চেয়ে কেন ভাঙার জন্য জাহাজ আমদানির অনাপত্তি দেওয়া হলো, তা জানতে চেয়েছে মন্ত্রণালয়। সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি। প্রতিদিনই একাধিক পুরোনো জাহাজ আমদানির অনাপত্তিপত্র দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সংস্থাটি। চলতি মাসের প্রথম সপ্তাহে এক দিনে ২৪টি পুরোনো জাহাজ আমদানির অনাপত্তিপত্র দেওয়ার পর আরও প্রায় ১০টি জাহাজ আমদানির অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এখনো নোটিশের জবাব দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, ভাঙার জন্য পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে উচ্চ আদালতের দুই ধরনের রায় রয়েছে। অধিদপ্তর এর আগে একাধিকবার অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে।যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই কারণ দর্শানোর নোটিশের জবাব আমাদের আইন শাখা থেকে দেওয়া হচ্ছে। খুব শিগগিরই জবাব দেওয়া হবে।’১১ এপ্রিল সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ ভাঙার জন্য পুরোনো জাহাজ আমদানির ব্যাপারে একটি অফিস আদেশ জারি করেন। সেখানে গত ৭ মার্চ হাইকোর্টের দেওয়া রায় ও অন্যান্য নির্দেশনার কথা উল্লেখ করা হয়। রায়ে বলা হয়েছে, ‘আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ ব্যবস্থাপনা ও পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিপইয়ার্ড পুরোনো জাহাজ আমদানি করতে পারবে না। শিপইয়ার্ডগুলোকে বিষাক্ত বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করতে হবে।রায়ের এই নির্দেশনা উল্লেখ করে সমুদ্র পরিবহন অধিদপ্তর ১১ এপ্রিল এক দিনে ২৪টি পুরোনো জাহাজ আমদানির অনুমতি দেয়। এগুলোর কোনোটিরই পরিবেশ ছাড়পত্র ছিল না।