সমুদ্র বিলাসে মেতেছেন পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্রসৈকত। আজ মঙ্গলবার সকাল আটটা থেকেই পর্যটকেরা সমুদ্রে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েছেন। স্পিডবোটে অনেকে ঘুরে আসছেন গভীর সমুদ্র থেকে।ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সৈকতজুড়ে চলছে পর্যটকের মহা মিলনমেলা। ঈদের দ্বিতীয় দিন আজ সন্ধ্যার আগে এই সৈকতে দুই লাখের বেশি পর্যটকের সমাগম ঘটবে বলে ধারণা করছেন হোটেলমালিকেরা।ঢাকার মুগদাপাড়া থেকে ভ্রমণে আসা পর্যটক শাকিল আহমদ (৩৪) জানান, রাতে স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এখানে পৌঁছেছেন। তিনি বলেন, ‘কলাতলীর একটি হোটেলে উঠে জিনিসপত্র রেখে ১০-১৫ মিনিট পর সমুদ্রে নেমে পড়লাম। লোনা জলে শরীর ভিজিয়ে গোসল করতে ভালো লাগছে। ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিচ্ছি।’ তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন বললেন, ‘জীবনে প্রথম সমুদ্রসৈকতে নামলাম। বিকেলের সৈকতটা দেখার জন্য মনটা আনচান করছে।’ঢাকার মিরপুর থেকে আসা রায়হান উদ্দিন (২৩) বলেন, ‘রাজধানী ঢাকা এখন একেবারেই ফাঁকা। কারণ, লাখ লাখ মানুষ ঈদ করতে গ্রামে চলে গেছেন। আবার অনেকেই কক্সবাজার ভ্রমণে এসেছেন। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম (১২০ কিলোমিটার) সমুদ্রসৈকত। উত্তাল সাগরের ঢেউ আর তার গর্জন শুনতে কার না ভালো লাগে? তাই তো বারবার ছুটে আসি।’কমলাপুর থেকে আসা কলেজছাত্রী ইসমত জাহান বললেন, ‘টানা তিন দিন মা-বাবার সঙ্গে এই সৈকতে ঘুরে বেড়াব। ঈদের চতুর্থ দিন আগামী বৃহস্পতিবার যাব দেশের সর্বশেষ প্রান্ত টেকনাফের শাহপরীর দ্বীপ। সেখান থেকে নাকি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ও মিয়ানমার সীমান্ত দেখা যায়। আগামী শুক্রবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার হয়ে ঢাকায় ফিরব।’কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বিকেল চারটার আগে পুরো সৈকত লাখো পর্যটকে ভরে যাবে। টানা সাত থেকে নয় দিন এই সমাগম চলবে। এর মধ্যে সৈকত ও শহরের বিভিন্ন স্থানে অবস্থিত চার শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসের সব কক্ষ অগ্রিম ভাড়া হয়ে গেছে। প্রতিদিন এসব হোটেলে ৮০ হাজারের মতো পর্যটকের রাত কাটানোর ব্যবস্থা আছে।ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল (৫০) বলেন, সমুদ্র দেখা মাত্র পর্যটকেরা ঝাঁপ দিচ্ছেন। বারণ করে কাউকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিশেষ করে শাড়ি পরা নারী পর্যটকেরা কথা না শুনে সমুদ্রে নেমে বেকায়দায় পড়ছেন। সকালে স্রোতের টানে ভেসে যাওয়ার সময় এক নারীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। ভাটার সময় সাগরে নামা যে কারও জন্য বিপদ ঢেকে আনতে পারে। তিনি আরও বলেন, সৈকতের বিভিন্ন স্থানে জোয়ারের সময় সবুজ পতাকা ওড়ানো থাকে। এ সময় গোসলে নামা নিরাপদ। আর ভাটার সময় লাল পতাকা ওড়ানো থাকে। এ সময় সাগরে নামা নিষেধ। কিন্তু অনেকে এই নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামেন।জেলার পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশকে সতর্ক রাখা হয়েছে। ভাটার সময় যেন পর্যটকেরা সাগরে নামতে না পারেন, এ জন্য ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকতে প্রচারণা চালানো হচ্ছে। দর্শনীয় স্থানগুলোয় টহল বাড়ানো হয়েছে।