বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারত একে অন্যের সমুদ্র, রেল ও সড়কপথ ব্যবহার করবে। নেপাল ও ভুটানে ট্রানজিটের জন্য বাংলাদেশকে তার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেবে। যদিও চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মংলা বন্দর শুধু ভারতকে নয়, নেপাল ও ভুটানকেও দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ।এ ছাড়া ভারতকে আশুগঞ্জ ও বাংলাদেশকে শিলঘাট ‘পোর্টকল’ দিতে দুই পক্ষ রাজি হয়েছে। বাংলাদেশের রেলব্যবস্থার সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নদী পুনঃখননের জন্য ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। টিপাইমুখ প্রকল্পকে কেন্দ্র করে বাংলাদেশের ক্ষতি হয়, এমন কিছু না করার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের বিষয়টি ত্বরান্বিত করতে দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের আগামী মার্চের মধ্যে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশের বিদ্যুত্ ঘাটতি মেটাতে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ দিতে রাজি হয়েছে ভারত। গত সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ বৈঠকের এক দিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসব বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় বিভিন্ন বিষয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে, তার উল্লেখ করা হয় ঘোষণায়। ৫০ দফার ওই ঘোষণায় সন্ত্রাসবাদ দমন, ট্রানজিট, সীমান্ত বিরোধ ও ব্যবস্থাপনা, পানিবণ্টন, বাণিজ্যবৈষম্য বিলোপ ও বিদ্যুত্ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়।দীর্ঘ প্রতীক্ষিত এই শীর্ষ বৈঠক থেকে বাণিজ্যবৈষম্য বিলোপের জন্য বাংলাদেশের বেশ কিছু পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি সার্কের আওতায়ও শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রকল্পে অর্থায়ন করবে ভারত। মনমোহন সিংয়ের ঘোষণার মধ্য দিয়ে দূর হয়েছে টিপাইমুখ নিয়ে বাংলাদেশের উদ্বেগ। তবে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে জাতিসংঘে সালিস নিষ্পত্তির চেয়ে দ্বিপক্ষীয়ভাবে আলোচনাকে প্রাধান্য দিয়েছে ভারত।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় দিল্লির শীর্ষ বৈঠকে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোতে সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। আগামী দিনগুলোতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর নির্ভর করছে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত্।১০০ কোটি ডলার ঋণসহায়তা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের রেল অবকাঠামো, ব্রডগেজ ইঞ্জিন, যাত্রীবাহী বগি, সৈয়দপুরের রেলওয়ে কারখানা সংস্কার, সিএনজিচালিত বাস কেনা ও নদী পুনঃখনন প্রকল্পে রাষ্ট্রীয় ঋণসহায়তার আওতায় ১০০ কোটি ডলার (প্রায় সাত হাজার কোটি টাকা) দেওয়া হবে। বাংলাদেশ সড়ক অবকাঠামো উন্নয়নে, বিশেষ করে ফ্লাইওভার নির্মাণের জন্যও ভারতের সহায়তা চেয়েছে। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে ভারত।ট্রানজিট: যৌথ ঘোষণায় বলা হয়েছে, সড়ক ও রেলপথে ভারত থেকে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেবে বাংলাদেশ। বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর নেপাল ও ভুটানকেও ব্যবহার করতে দিতে আগ্রহী। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন ভারতীয় অর্থায়নে হবে। দুই দেশের রেললাইনের সংযোগ কীভাবে করা যায়, তা ঠিক করবে দুই দেশের রেল কর্মকর্তাদের একটি যৌথ দল। বাংলাদেশ আশুগঞ্জকে ভারতের জন্য এবং ভারত শিলঘাটকে বাংলাদেশের জন্য ‘পোর্টকল’ হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থাত্ নৌপথে পণ্য এনে স্থল কিংবা রেলপথে বাংলাদেশ ও ভারত পণ্য পরিবহনের সুবিধা পাবে। এ ক্ষেত্রে চিঠি আদান-প্রদানের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ-বাণিজ্য ও ট্রানজিট (আইডব্লিউটি) প্রোটোকলটি সংশোধন করবে। আশুগঞ্জ থেকে ভারী পণ্য পরিবহন (ওডিসি) একবার কিংবা স্থায়ীভাবে পরিবহনের ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন ও তার সম্ভাব্য ব্যয় একটি যৌথ দল যাচাই করে দেখবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় টাকা দেবে ভারত। দুই দেশের সরকার এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজি হয়েছে। দুই দেশের ঠিকাদারেরা এ কাজটি করতে পারবেন। নেপালে বাংলাদেশের ট্রানজিটের জন্য রোহানপুর-সিংগাবাদ ব্রডগেজ রুটটি চালু হবে। বৈঠকে বাংলাদেশ রাধিকাপুর-বিরল রুটটি ব্রডগেজে উন্নীত করতে চায়। একই সঙ্গে ভুটানে বাংলাদেশের রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারেও অনুরোধ করেছে বাংলাদেশ।সীমান্ত ব্যবস্থাপনা: দুই দেশের প্রধানমন্ত্রীরা ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আলোকে সমন্বিত উপায়ে সীমান্ত সমস্যা সমাধানে একমত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁরা যৌথ সীমান্ত কার্যদলের (জেবিডব্লিউজি) বৈঠক আয়োজনে রাজি হয়েছেন। দহগ্রাম ও আঙ্গরপোতায় ভারত বিদ্যুতায়নের পদক্ষেপ নেওয়ায় মনমোহন সিংকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ভারতের নাগরিকদের ব্যবহারের জন্য তিন বিঘা করিডরে একটি ফ্লাইওভার নির্মাণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তরক্ষীদের সংযতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। সীমান্তে প্রাণহানি রোধ এবং অবৈধ তত্পরতা বন্ধে নিয়মিতভাবে দুই দেশের সীমান্তরক্ষীদের বৈঠকে বসার ওপর জোর দেওয়া হয়েছে।সমুদ্রসীমা নির্ধারণ: দুই দেশের প্রধানমন্ত্রীরা সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধানের ওপর জোর দিয়েছেন। তাঁরা জাতিসংঘের সমুদ্র আইনসংক্রান্ত সনদের ৭ ধারার কার্যবিবরণীর প্রসঙ্গটি উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের ভারত সফরকে স্বাগত জানানো হয় বৈঠকে। সন্ত্রাসবাদ রোধ: দুই দেশের প্রধানমন্ত্রীরা সব ধরনের সন্ত্রাসী তত্পরতার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসীদের তত্পরতার কোনো নির্দিষ্ট সীমানা না থাকায় তাঁরা মনে করেন নিরাপত্তার বিষয়টি দুই দেশের জন্যই অগ্রাধিকারের বিষয়। এ ক্ষেত্রে দুই দেশেরই একে অন্যকে সক্রিয়ভাবে সহায়তা করা উচিত। দুই নেতাই সন্ত্রাসীরা যাতে এক দেশের ভূখণ্ড ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে অঙ্গীকার করেছেন। পাশাপাশি দুই দেশই তাদের ভূখণ্ডকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর প্রশিক্ষণ, নিরাপদ আশ্রয়স্থল এবং দেশি-বিদেশি সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা যাতে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।তিস্তার পানি চুক্তি: শুকনো মৌসুমে তিস্তায় পানিপ্রবাহ কমে যাওয়ায় সীমান্তের দুই পারের মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্দশায় ভোগেন, সে বিষয়টি দুই প্রধানমন্ত্রী স্বীকার করেন। এ পরিপ্রেক্ষিতে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি ত্বরান্বিত করার পক্ষে মত দেন দুই নেতা। দুই প্রধানমন্ত্রী তাঁদের পানিসম্পদমন্ত্রীদের মার্চের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক করার নির্দেশ দেন। জেআরসির ওই বৈঠকে ফেনী, মনু, মুহুরী, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমার নদীর বিষয়টি নিয়ে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ইছামতী নদীর পুনঃখনন, মহানন্দা, করতোয়া, নাগার, কুলিক, আত্রাই, ধরলা ও ফেনী নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের নদী পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ এবং নৌবন্দর ব্যবহারে কর্মকৌশল বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সহায়তা করবে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জরুরিভিত্তিতে নয়টি ড্রেজার দেবে ভারত।বিদ্যুত্ খাতে সহযোগিতা: ভারতীয় গ্রিড থেকে বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ দিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ প্রেক্ষাপটে দুই দেশের প্রধানমন্ত্রী আন্তসঞ্চালন লাইনের কাজ ত্বরান্বিত করতে রাজি হয়েছেন। এ ছাড়া বিদ্যুত্ বিনিময়, নবায়নযোগ্য উত্স থেকে বিদ্যুত্ উত্পাদন ইত্যাদি ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে রাজি হয়েছে দুই দেশ।বাণিজ্য সম্প্রসারণ: ভারতের বাজারে বাংলাদেশের পণ্য আনার লক্ষ্যে দুই দেশই শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং রেল ও নৌপথে কনটেইনার কার্গো চলাচল এবং বন্দর ব্যবহারে প্রতিবন্ধকতা দূর করতে রাজি হয়েছে। ভারত তার বাজারে সার্কের কাঠামোতে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় এবং স্পর্শকাতর পণ্যের তালিকাটি কমিয়ে আনায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। ওই তালিকাটি আরও ছোট করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পণ্যের মান নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের বিএসটিআইকে সহযোগিতা দিতে রাজি হয়েছে ভারত। দুই দেশের বিনিয়োগকারীদের যৌথ বিনিয়োগে উত্সাহিত করতে রাজি হয়েছেন দুই প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে তাঁরা বেসরকারি খাতের উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। দুই দেশের প্রধানমন্ত্রীরাই সাবরুম-রামগড়, দেমাগিরি-থেগামুখ স্থলবন্দরগুলো অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে চালু করতে রাজি হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেঘালয় সীমান্তের কিছু নির্ধারিত এলাকায় পাইলট প্রকল্প হিসেবে সীমান্ত বাজার চালু হবে। ওই সীমান্ত বাজারে নির্দিষ্ট পণ্য বেচাকেনা করা হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভুটান ও নেপাল থেকে পণ্যবাহী ট্রাক জিরো পয়েন্ট থেকে বাংলাবান্ধা ফুলবাড়ী সীমান্ত স্থলবন্দরে ২০০ মিটার পর্যন্ত আসবে।মমতা দেখা করেছেন: ইউএনবি জানায়, বাংলাদেশ ও নেপালের মধ্যে রেল যোগাযোগের ব্যাপারে সম্মত হয়েছে ভারত। সে দেশের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি গতকাল বিকেলে শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলে প্রায় আধাঘণ্টা বৈঠক করেন। বাংলাদেশের রোহনপুর থেকে ভারত হয়ে নেপালের সিনবাধ পর্যন্ত রেল যোগাযোগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারত ও বাংলাদেশ এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।প্রণবের বাসভবনে: বাসস জানায়, শেখ হাসিনা ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল নয়াদিল্লিতে প্রণবের বাসভবনে যান।