সমুদ্রজয় উদযাপনে নাগরিক কমিটি
মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক আদালতে সমুদ্রজয়ের ঘটনা উদযাপনের জন্য শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে সদস্যসচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক কমিটির এক সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জিল্লুর রহমান সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। শিল্পী কাইয়ুম চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, কবি বেলাল চৌধুরী, সাংবাদিক গোলাম সারোয়ার, আবেদ খান, শ্যামল দত্ত প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে জানান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ১ এপ্রিল কমিটির পরবর্তী সভা। ওই সভায় নাগরিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এ ছাড়া পরবর্তী কর্মসূচির বিষয়ে সেদিনই সিদ্ধান্ত নেওয়া হবে। নাগরিক কমিটি কী করবে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে এবং দেশব্যাপী সমুদ্রজয় উদযাপন করা হবে।