সমুদ্রজয়ে তৃষ্ণা মিটবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সরকার সমুদ্রজয় করে এসেছে, এটা ভালো কথা। কিন্তু এতে দেশের মানুষের তৃষ্ণা মিটবে না। পেটও ভরবে না।আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি-বিদ্যুৎ-গ্যাসের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মিথ্যা কথার ফুলঝুরি বন্ধ করে মানুষের মুখে খাবার দিন। তাহলে জনরোষ থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন।’ তিনি বলেন, বাড়ির মহিলারা কখন ঘর থেকে বের হয়, যখন তাঁদের বাসায় পানি, বিদ্যুত্, গ্যাস ও বাচ্চার খাবার থাকে না। এগুলোর অভাবে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে।ফখরুল অভিযোগ করেন, ‘সরকার কুইক বিদ্যুত্ উত্পাদনের জন্য যে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট করেছিল, সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। খবর বেরিয়েছে, এ খাত থেকে তাঁরা ২০ হাজার কোটি হাতিয়ে নিয়েছে।’মির্জা ফখরুল বলেন, দেশ চালাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার কোনো ক্ষেত্রে সফলে না হলেও একমাত্র দুর্নীতিতে সফল হয়েছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি। সরকারের সীমাহীন ব্যর্থতায় মানুষ দিশেহারা। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, গ্যাস, বিদ্যুত্, পানির ব্যবস্থা করতে না পারলে পদত্যাগ করুন।মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ।সমাবেশ শেষে পানির কলস, হারিকেন, আলু, পটল, ঝিঙে, বেগুন, ঝাঁটা নিয়ে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।