সমুদ্রবক্ষের দুটি ব্লকের জন্য কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি
সমুদ্রবক্ষের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) হয়েছে। ব্লক দুটির যেটুকু এলাকার ওপর ভারত ও মিয়ানমারের আপত্তি রয়েছে, সেটুকু ছাড়া বাকি এলাকায় আগামী শুষ্ক মৌসুমেই (অক্টোবর-মার্চ) কোম্পানিটি অনুসন্ধানের কাজ শুরু করবে।আজ বেলা একটা ৩৫ মিনিটে পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সরকারের পক্ষে পেট্রোবাংলার সচিব ইমাম হোসেন ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব এ কে মহিউদ্দিন আহমেদ এবং কনোকোর পক্ষে কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লেফারেনরের স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্ ও জ্বালানিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, জ্বালানিসচিব মেজবাউদ্দিন আহমেদ, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি প্রমুখ। সমুদ্রসীমায় অনুসন্ধানের উদ্যোগ: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। সমুদ্রসীমাকে ২৮টি ব্লকে (আটটি অগভীর ও ২০টি গভীর সমুদ্রে) ভাগ করা হয়। এরপর মডেল পিএসসি প্রণয়ন করে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে কনোকো ফিলিপস, অস্ট্রেলীয় স্যান্টোস, চীনের সিনক, আয়ারল্যান্ডভিত্তিক টাল্লো বাংলাদেশ, কোরীয় ন্যাশনাল অয়েল করপোরেশনসহ সাতটি কোম্পানি ১৫টি ব্লকে অনুসন্ধানের দরপ্রস্তাব দেয়।প্রস্তাবগুলো একটি বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাই করে ওই বছরের জুলাইয়ে কনোকো ফিলিপসকে গভীর সমুদ্রের ১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১—এ আটটি এবং টাল্লো বাংলাদেশকে অগভীর সমুদ্রের ৫ নম্বর ক্ষেত্রের জন্য যোগ্য ঘোষণা করে।তত্ত্বাবধায়ক সরকার তাদের মেয়াদেই ওই ক্ষেত্রগুলোর পিএসসি সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু ‘অনির্বাচিত সরকারের এই কাজ করার অধিকার নেই’—নাগরিক সমাজের একাংশের এ ধরনের বক্তব্যে সরকার পিছিয়ে যায়।এবার যে পিএসসি হচ্ছে তাতে বাংলাদেশ প্রথম থেকেই অর্ধেক গ্যাস পাবে। অনুসন্ধান খরচ উঠে এলে বাংলাদেশের প্রাপ্য অংশ বাড়তে থাকবে।