সমুদ্রসীমা বিরোধ নিরসনে চট্টগ্রামে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিয়ে দুই দিনব্যাপী বৈঠক গতকাল শুক্রবার চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে শুরু হয়েছে। গতকালের বৈঠকে কোন পদ্ধতিতে সমুদ্রসীমার বিরোধ নিরসন করা হবে তা নিয়ে আলোচনা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান করতে মিয়ানমারের কাছে প্রস্তাব দিয়েছে। তবে মিয়ানমার সমদূরত্ব নীতি অনুসরণ করে সমুদ্রসীমার বিরোধ নিরসন করতে চায়। তারা দুই দেশের সমুদ্রতট থেকে দূরত্ব হিসাব করে সমুদ্রসীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। প্রথম দিনের বৈঠকে সমস্যার পদ্ধতি নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল।বৈঠক চলাকালে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ‘আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। আশা করছি আলোচনা ফলপ্রসূ হবে।’মিয়ানমারের প্রতিনিধিদলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিংয়ের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা সুফল হবে বলে আশা করছি।’বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলে ১৩ জন করে সদস্য উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধিদলে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল হাই, পরিচালক মো. শাহ আহমেদ ও মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মিয়ানমারের প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ ফা থান উ এবং মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিয়ার এডমিরাল ম মিং থান।১৯৭৪ সালে মিয়ানমার ও বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিয়ে প্রথম বৈঠক হয়। ২০০৮ সালে নতুন করে আলোচনা শুরুর পর এটি পঞ্চম বৈঠক। সর্বশেষ গত বছরের জুলাইয়ে মিয়ানমারে বৈঠক হয়।