সমুদ্রসীমা বিরোধ: ন্যায্য হিস্যা ও সমদূরত্ব নীতি সমন্বয়ের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য হিস্যা ও সমদূরত্ব নীতির সমন্বয়ে সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধ নিরসনে বাংলাদেশ ও মিয়ানমার রাজি হয়েছে। চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম আজ শনিবার এ কথা জানান।গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত। দ্বিতীয় দিনের বৈঠক আজ সকাল সাড়ে নয়টায় শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টায়। খোরশেদ আলম জানান, বৈঠকে দুই দেশই সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধ নিরসনে ঐকমত্য পোষণ করে। এ ব্যাপারে আগামী এপ্রিলের মধ্যে মিয়ানমারে আরেকটি বৈঠক হবে বলে তিনি জানান। আজ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলে ১৩ জন করে সদস্য উপস্থিত ছিলেন। মিয়ানমারের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিন্ট। আর বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম এতে নেতৃত্ব দেন।প্রথম দিনের বৈঠকে বাংলাদেশ ন্যায্য হিস্যার ভিত্তিতে সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধ নিরসনের দাবি জানায়। আর মিয়ানমার সমদূরত্ব নীতিতে (সমুদ্রতট থেকে দুই দেশের দূরত্ব সমানভাবে পরিমাপ করে তার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণ) এ সমস্যা সমাধানের কথা বলেছিল। এই দুটি নীতির সমন্বয়ে সমস্যার সমাধানের ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বিরোধ তীব্র হয়। বিষয়টি নিয়ে গত অক্টোবরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সালিস আদালতে যায়। ১৯৭৪ সালে সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে দুই দেশের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আর ২০০৮ সাল থেকে এটি ছিল পঞ্চম বৈঠক।