সমুদ্রসীমার বিরোধ নিরসনে বাংলাদেশ-ভারত বৈঠক চলছে
সমুদ্রসীমার বিরোধ নিরসনে মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে আলোচনায় বসেছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। সমুদ্রসীমার বিরোধ নিরসনে ভারত আগ্রহ দেখানোর ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিসি আদালতে (আরবিট্রাল ট্রাইব্যুনাল) গেলেও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার সিদ্ধান্ত হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকের এ বৈঠক হচ্ছে। বৈঠকে জাতিসংঘের সালিসি আদালতের বাকি তিন আরবিট্রেটর বা মীমাংসাকারী নির্বাচনের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মীমাংসাকারী নির্বাচন ছাড়াও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে দুই পক্ষ কথা বলছে। দুই পক্ষই এখন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানকে গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া সম্প্রতি মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হওয়ায় ভারতের সঙ্গেও আলোচনায় সমাধান খুঁজে পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম। প্রতিনিধিদলে দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ইমরান ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মকর্তা যোগ দিয়েছেন।বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী সালিসি আদালতে পাঁচজন মীমাংসাকারী নিয়ে গঠিত একটি প্যানেল সালিসের কাজ চালায়। এর মধ্যে দুজনকে নির্বাচিত করে দুই দেশ এবং অন্য তিনজনকে মনোনীত করা হয় দুই দেশের সমঝোতার মাধ্যমে। বাংলাদেশের পক্ষে মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ আইনবিশেষজ্ঞ ভন লুই। ভারতের পক্ষে কাজ করবেন সে দেশের বিচারপতি চন্দ্রশেখর রাও।সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠকে সমদূরত্ব ও ন্যায্যতা—এই দুই নীতি সমন্বয়ের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে রাজি হয়েছে মিয়ানমার।