সমুদ্রসীমায় বাংলাদেশ ন্যায়বিচার পাবে: দীপু মনি
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সমুদ্র আইনসংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের ফলে সামুদ্রিক সম্পদে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা-সংক্রান্ত এক সেমিনারে দীপু মনি এ আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এই সেমিনারের আয়োজন করে। জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (ইটলস) আগামী ১৪ মার্চ বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ বিষয়ে রায় দেবে। গত সেপ্টেম্বরে এ মামলার বিষয়ে দুই দেশ তাদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে আলোচনার পর দেখেছি এ বিরোধে কোনো ফলাফল আসছে না। এর প্রেক্ষাপটে বর্তমান সরকার সমুদ্রসীমায় নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য স্বল্পতম সময়ে ফলাফল আদায় করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানের জন্য আমরা আন্তর্জাতিক সালিসি আদালতের শরণাপন্ন হই। আর প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রেখেই বিকল্প পথটি বেছে নিয়েছি। কারণ, দেশের স্বার্থে এটি অপরিহার্য ছিল।’ মন্ত্রী আরও বলেন, ‘ইটলসে আমরা বাংলাদেশের পক্ষে তথ্য উপাত্তের ভিত্তিতে দাবি তুলে ধরেছি। আমরা এখন ন্যায়বিচারের প্রত্যাশা করছি।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশেদ আলম। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে শুনানিতে যেসব বক্তব্য তুলে ধরেছি, তার মাধ্যমে আমরা ইতিবাচক ফলাফল আশা করছি। ইটলসের রায় বাংলাদেশের পক্ষে এলে সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের সুফল ভোগ করবে বাংলাদেশ।’সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক ইমরুল কায়েস।