সমুদ্রে তেল-গ্যাসক্ষেত্র বিস্তারের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাসক্ষেত্র আরও কিছুটা বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে। সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ের আলোকে এ সুযোগ কাজে লাগানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা। সরকারও এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৮ সালে বাংলাদেশ গভীর সমুদ্রে যে ২০টি তেল-গ্যাসক্ষেত্র (ব্লক) নির্ধারণ করে, ইটলসের রায় অনুযায়ী তার পূর্ব প্রান্তের অনেকাংশ (১৩, ১৮ ও ২৩ নম্বর ব্লকসহ) মিয়ানমারের সীমানাভুক্ত হয়ে যেতে পারে।অন্যদিকে ওই রায়ে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের আয়তন বৃদ্ধি পাওয়ায় এবং তারও গভীরে সম্প্রসারিত মহীসোপানে (এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ) অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় বেশ কিছু নতুন ব্লক সৃষ্টি করা যাবে। তবে ইটলসের রায়ে সম্প্রসারিত মহীসোপানে বাংলাদেশের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানান কয়েকজন বিশেষজ্ঞ।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, রায়ের কপি আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর তা পর্যালোচনা করে সবকিছু স্পষ্ট করা হবে। এরপর নতুন ব্লক নির্ধারণ করে চলতি বছরের মধ্যেই উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে গভীর ও অগভীর সমুদ্রের কিছু ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও আহরণের জন্য দরপত্র আহ্বান করা হবে।২০০৮ সালে সমুদ্রবক্ষে মোট ২৮টি ব্লক নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে আটটি অগভীর ও ২০টি গভীর সমুদ্রে। গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে অনুসন্ধান ও আহরণের জন্য আমেরিকান কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে পিএসসি সই করা হয়। বর্তমানে কনোকো সেখানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপও শুরু করেছে। অগভীর সমুদ্রের পাঁচ নম্বর ব্লকের জন্য আইরিশ কোম্পানি টাল্লোর সঙ্গে পিএসসি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।প্রাপ্তি-অপ্রাপ্তি কতটা: ইটলসের রায় ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ যা চেয়েছিল, তার চেয়েও বেশি পেয়েছে। কিন্তু সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, রায়টি বাংলাদেশের পক্ষে এসেছে ঠিকই, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, সেটা বাস্তবের তুলনায় অনেকটা ফুলিয়ে-ফাঁপিয়ে বলার মতো হচ্ছে।অধ্যাপক বদরূল ইমাম প্রথম আলোকে বলেন, ইটলসের রায়ে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হিসেবে স্বীকৃত হয়েছে। এই অধিকার সব দেশের ক্ষেত্রেই সমান। এটা নিয়ে মিয়ানমারের সঙ্গে যে বিরোধ ছিল, ইটলসের রায়ে তার নিরসন হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতিসংঘের সমুদ্র আইন (আনক্লস) অনুযায়ী, একটি দেশ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত সম্প্রসারিত মহীসোপানের অধিকার পেতে পারে। এ জন্য সংশ্লিষ্ট দেশের দেখাতে হবে যে, তাদের দেশের মহীসোপান প্রাকৃতিকভাবেই ৩৫০ নটিক্যাল মাইল বা তারও বেশি প্রলম্বিত। ইটলসে বাংলাদেশের আবেদনে সেটা দেখানো হয়েছিল কি না, কিংবা ইটলসের রায়ে বাংলাদেশকে সম্প্রসারিত মহীসোপান ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কাজেই, বাংলাদেশ যে নতুন তেল-গ্যাস ব্লক করার জন্য অনেক জায়গা পাবে, সেটা বলা যাচ্ছে না।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেন, নতুন ব্লক করার জায়গা খুব একটা বাড়বে বলে মনে হয় না, বরং বিদ্যমান ব্লকগুলোর পূর্ব প্রান্তের কয়েকটি ব্লক সম্পূর্ণ বা আংশিকভাবে মিয়ানমানের সীমানাভুক্ত হবে। এমনকি, গভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকের যে অংশের মালিকানা দাবি করেছিল মিয়ানমার, ইটলসের রায়ে তারও সবটা বাংলাদেশ পায়নি। ওই ব্লকের কিছু অংশ মিয়ানমানের অধিকারভুক্তই রয়ে যাচ্ছে। তবে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের অধিকার পাওয়ায় দু-একটি নতুন ব্লক সৃষ্টি ও বাংলাদেশের মাছ ধরার সুযোগ বাড়বে।অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক জায়েদ হোসেন প্রথম আলোকে বলেছেন, পেট্রোবাংলা ২০০৮ সালে তেল-গ্যাস ব্লকের যে মানচিত্র করেছে, তার সঙ্গে ইটলসের রায় মিলিয়ে দেখা গেছে, গভীর সমুদ্রের কয়েকটি ব্লক মিয়ানমার পেয়ে যাবে।তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ও সমুদ্র আইন বিষয়ে অভিজ্ঞ সেলিম মাহমুদ বলেন, ইটলসের রায় অনুযায়ী বাংলাদেশ সম্প্রসারিত মহীসোপানের অধিকার পেয়েছে। ফলে ওই অংশে বাংলাদেশ অনেকগুলো নতুন তেল-গ্যাসক্ষেত্র নির্ধারণ করতে পারবে।সমৃদ্ধ বঙ্গোপসাগর: ভূতত্ত্ববিদদের মতে, তেল-গ্যাস সম্পদের দিক দিয়ে বঙ্গোপসাগর একটি সমৃদ্ধ অঞ্চল। ইতিমধ্যে এই অঞ্চলের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যবর্তী কৃষ্ণা-গোদাবরী বেসিনের ‘গভীর সমুদ্রের ধীরুভাই’ নামের ব্লকে ভারত ২৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পেয়েছে। সেখান থেকে প্রতিদিন ২১০ কোটি ঘনফুট গ্যাস তুলছে তারা। এ ছাড়া ভারত বাংলাদেশের গভীর সমুদ্রসীমাসংলগ্ন কয়েকটি ব্লকে প্রায় ছয় টিসিএফ গ্যাস পেয়েছে। এখন পর্যন্ত ভারত তাদের গভীর সমুদ্র অঞ্চলে ৫০টির মতো অনুসন্ধান কূপ খনন করেছে।মিয়ানমার বাংলাদেশসংলগ্ন তাদের গভীর সমুদ্র অঞ্চলের তিনটি ব্লকে মোট ১০ টিসিএফের মতো গ্যাস পেয়েছে। তাদের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।বাংলাদেশের সমুদ্রসীমায় ১৯৭৪-৭৬ সালে ছয়টি বিদেশি কোম্পানি প্রায় ৩৩ হাজার লাইন কিলোমিটার ভূকম্পন জরিপ চালায় এবং সাতটি অনুসন্ধান কূপ খনন করে। তখন ইউনিয়ন অয়েল নামে একটি কোম্পানি কুতুবদিয়া গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। কিন্তু তখনকার বিবেচনায় সেটি বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ক্ষেত্রটির আর উন্নয়ন করা হয়নি। ১৯৭৬ সালে ইউনিয়ন অয়েল ক্ষেত্রটির স্বত্ব ত্যাগ করে চলে যায়।এরপর ১৬ নম্বর ব্লকে সাঙ্গু গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি। সাঙ্গু ক্ষেত্রটিও এখন মৃতপ্রায়। বর্তমানে ক্ষেত্রটির পরিচালক অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস ও আমেরিকান হেলিবার্টন। তারা নতুন করে সেখানে অনুসন্ধান চালাচ্ছে এবং একটি কূপে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য গ্যাস পেয়েছে।