কনোকোফিলিপসের দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে বড় কোনো গ্যাসাধারের সন্ধান পাওয়া যায়নি
সমুদ্রে তেল-গ্যাসের আশানুরূপ সন্ধান মিলছে না
দেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পরিচালিত ভূকম্পন জরিপ ও অনুসন্ধান কূপ খননে তেল-গ্যাসের আশানুরূপ মজুতের সন্ধান পাওয়া যায়নি। ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি ও অস্ট্রেলীয় স্যান্তোসের জরিপ ও কূপ খননের পর আমেরিকার কনোকোফিলিপসের দ্বিমাত্রিক ভূকম্পন জরিপেও বড় কোনো গ্যাসাধারের সন্ধান মেলেনি।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতের নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।সূত্রগুলো জানায়, কনোকোফিলিপস এই পরিস্থিতিতে গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর জন্য আলাপ-আলোচনা চালাচ্ছে। তবে তারা পেট্রোবাংলাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দ্বিমাত্রিক জরিপের ফলাফল জানায়নি।দেশের সমুদ্রসীমায় আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র হচ্ছে সাঙ্গু, যেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা হয়েছে। তবে উৎপাদন অংশীদারি চুক্তিতে (পিএসসি) নিয়োজিত ১৬ নম্বর ব্লকের ওই ক্ষেত্রটির পরিচালক কেয়ার্ন এনার্জি পিএলসি সাঙ্গুক্ষেত্রে গ্যাসের মজুত নির্ধারণ সঠিকভাবে করতে পারেনি। ফলে ক্ষেত্রটির অকালমৃত্যু হয়েছে।সাঙ্গুর মজুত বাড়িয়ে দেখিয়ে সেখান থেকে প্রতিদিন ১৮ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তুলেছে কেয়ার্ন। কিন্তু সর্বশেষ ক্ষেত্রটি থেকে গ্যাসের উৎপাদন দৈনিক ৯০ লাখ ঘনফুটে নেমে এসেছিল। কেয়ার্নের কাছ থেকে স্যান্তোস ক্ষেত্রটির পরিচালনভার নিয়ে সাঙ্গুর পুরোনো কূপের কাছে নতুন ছোট একটি মজুত আবিষ্কারের পর সাঙ্গু-১১ নামে কূপ খনন করে দৈনিক দুই কোটি ঘনফুটের মতো গ্যাস তুলছে।সাঙ্গুক্ষেত্রটি পরিচালনাকালে কেয়ার্ন ১৬ নম্বর ব্লকভুক্ত হাতিয়া ও মগনামায় দ্বিমাত্রিক জপির চালায়, কিন্তু উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান পায়নি। এরপর স্যান্তোস সেখানে ত্রিমাত্রিক জরিপ চালায় এবং এর ভিত্তিতে তিনটি অনুসন্ধান কূপ খনন করে পূর্বোক্ত একটিতে অল্প গ্যাস পেয়েছে।এ ছাড়া আমেরিকার কোম্পানি শেভরন উপকূলের পটুয়াখালী জেলার চরকাজলে একটি অনুসন্ধান কূপ খনন করেও বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পায়নি। এরপর গভীর সমুদ্রের দুটি ব্লকে কনোকোফিলিপসের পরিচালিত দ্বিমাত্রিক জরিপও নিষ্ফল হলো।বর্তমানে দেশে কর্মরত একাধিক বিদেশি কোম্পানির ভূতত্ত্ববিদ ও বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, এ দেশে তেল-গ্যাসের প্রধান মজুত আবিষ্কৃত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা বেসিনে। ওই বেসিন থেকে যতই দক্ষিণ-পশ্চিম দিকে অনুসন্ধান চালানো হয়েছে, আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলো আকারে ততই ছোট হয়েছে। বঙ্গোপসাগরের যে অঞ্চলে কেয়ার্ন, স্যান্তোস বা কনোকোফিলিপস অনুসন্ধান চালিয়েছে, সে অঞ্চল যদি সুরমা বেসিনের শেষ প্রান্ত হয়, তাহলে সেখানে বড় কোনো মজুত পাওয়ার সম্ভাবনা তাই কমই দেখছেন তাঁরা।তবে এসব কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে আরেকটি ভূ-কাঠামো বাংলাদেশের সমুদ্রাঞ্চলে এসে মিশেছে। সেখানে অনুসন্ধান চালালে হয়তো বড় মজুত পাওয়া যাবে। কারণ ওই ভূ-কাঠামোর মিয়ানমার অংশে ইতিমধ্যে বড় মজুত আবিষ্কৃত হয়েছে। কনোকোফিলিপস ১০ ও ১১ নম্বর ব্লকের মোট দুই হাজার ৬৮০ লাইন বর্গকিলোমিটার এলাকায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দ্বিমাত্রিক জরিপ চালায়। এর মধ্যে ১১ নম্বর ব্লকটির পুরো এলাকা ছিল। কারণ গত ১৪ মার্চ সমুদ্র আইনসংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) ঐতিহাসিক রায় হওয়ার আগেই মিয়ানমার ওই এলাকার ওপর থেকে তাদের দাবি প্রত্যাহার করে নিয়েছিল। ১১ নম্বর ব্লকের আয়তন দুই হাজার ৮৯৯ বর্গকিলোমিটার। এর মধ্যে ৪৩৯ বর্গকিলোমিটার এলাকার ওপর মিয়ানমারের দাবি ছিল।তবে ১০ নম্বর ব্লকের পুরো এলাকায় কনোকো জরিপ চালাতে পারেনি। কারণ, তিন হাজার ৮৬৪ বর্গকিলোমিটার আয়তনের ওই ব্লকের এক হাজার ১৬৪ বর্গকিলোমিটার এলাকার ওপর ভারতের দাবি রয়েছে। ২০১৪ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ভারতের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ ওই এলাকায় জরিপ চালাতে পারবে।২০১০ সালের নভেম্বরে সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের বিষয়ে কনোকোফিলিপসের সঙ্গে পিএসসি সই হয়। সমুদ্রের আরও কিছু ব্লকের জন্য পিএসসি করার প্রস্তুতি চূড়ান্ত করেছে সরকার।