সমুদ্রে নিরঙ্কুশ দাবি প্রতিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের জলরাশি ও তলদেশের সম্পদে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রথম বাধাটি পেরিয়েছে বাংলাদেশ। চলতি বছরের ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস) সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের পক্ষে রায় দেয়। এ রায়ের মাধ্যমে তেল-গ্যাসসমৃদ্ধ বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত সীমানা চূড়ান্তভাবে নির্ধারিত হলো। একই সঙ্গে নিষ্পত্তি হলো বঙ্গোপসাগরে সীমানা নির্ধারণ নিয়ে দুই নিকট প্রতিবেশীর তিন দশকের বেশি সময় ধরে চলা বিরোধেরও। সালিসি আদালতে দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধের মামলাটি নিষ্পত্তি হয়। প্রায় তিন দশক বিরতির পর সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ২০০৮ সালের জানুয়ারিতে ভারত ও মিয়ানমারের সঙ্গে ফের আলোচনা শুরু করে বাংলাদেশ। দুই প্রতিবেশীর সঙ্গে দুই দফা আলোচনার পর বাংলাদেশ বুঝতে পারে, ফল হবে না আলোচনায়। অতঃপর পরের বছর অর্থাৎ ২০০৯ সালের অক্টোবরে সরকার আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য ইটলস এবং ভারতের সঙ্গে বিরোধ মীমাংসায় সালিসি-বিষয়ক স্থায়ী আদালতে যায় বাংলাদেশ। বাংলাদেশ সমতা ও ন্যায্যতার নীতি অনুসরণ করে সমুদ্রসীমা বিরোধের পক্ষে দাবি উপস্থাপন করে। আর মিয়ানমারের পক্ষ থেকে সমদূরত্বের ভিত্তিতে সমুদ্রসীমার যে দাবি করা হচ্ছিল, তাতে ১৩০ নটিক্যাল মাইলে আটকে যাচ্ছিল। এর ফলে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক এলাকায় সামুদ্রিক সম্পদে বাংলাদেশের কোনো অধিকার থাকত না। কিন্তু ইটলসের রায়ের কারণে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ পূর্ণ ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্র এলাকা, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষায়িত অর্থনৈতিক এলাকা এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান এলাকায় বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়েছে।ইটলসের রায়ের কারণে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক এলাকা আর ১৩০ নটিক্যাল মাইলে সীমাবদ্ধ নেই। ফলে বঙ্গোপসাগরে তেল-গ্যাস ছাড়াও সামুদ্রিক সম্পদে বাংলাদেশের দাবির নিরঙ্কুশ অধিকার নিশ্চিত হয়েছে।এ রায়ের ফলে দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাসক্ষেত্র আরও কিছুটা বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া রায়ের ফলে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের আয়তন বৃদ্ধি পাওয়ায় এবং তার গভীরে সম্প্রসারিত মহীসোপান (এক্সটেনডেড কন্টিনেন্টাল শেলফ) অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় বেশ কিছু নতুন ব্লক সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।তবে দেশের চলমান রাজনীতির ঘেরাটোপের বাইরে থাকেনি ইটলসের রায়টি। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে একে বাংলাদেশের সমুদ্রবিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। দাবি করা হয়েছে, বঙ্গোপসাগরে মূল খণ্ডের সমপরিমাণ জায়গা পেল বাংলাদেশ। ইটলসের রায় ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ যা চেয়েছিল, তার চেয়েও বেশি পেয়েছে। আর বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্রজয়ের নামে জাতিকে বিভ্রান্ত করছে বাংলাদেশ। কিন্তু গবেষক ও বিশেষজ্ঞদের মতে, রায়টি বাংলাদেশের পক্ষে এসেছে ঠিকই, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, সেটা বাস্তবের তুলনায় অনেকটা ফুলিয়ে-ফাঁপিয়ে বলার মতো হচ্ছে। রাহীদ এজাজ