সমুদ্রের ওপর কর্তৃত্ব প্রহসনে পর্যবসিত হবে........
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষায় জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি অব্যাহত থাকলে সমুদ্রের উপর কর্তৃত্ব লাভের বিষয়টি প্রহসনে পর্যবসিত হবে। আজ বৃহস্পতিবার জাতীয় কমিটির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে তিনি এ কথা বলেন। সাত দফা দাবিতে দেশব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিজয়ের জন্য সরকারকে ধন্যবাদ জানান আনু মুহাম্মদ। সেই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতেও একই ধরনের অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।আনু মুহাম্মদ বলেন, মিয়ানমার ও ভারতের কাছ থেকে সমুদ্র নিয়ে তা মার্কিনিদের হাতে তুলে দিতে পারি না। এর উপর শতভাগ মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। সরকার বিদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করলে জনগণকে দায়িত্ব নিতে হবে।গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, আমাদের দেশ ছোট, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ আমাদের অত্যন্ত কৃপণের মতো খরচ করতে হবে। সরকার প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিদেশিদের সঙ্গে যে সব অঙ্গীকার-চুক্তি করেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।