সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তাঁর মতে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। আর সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যাক। প্রথম আলোর কলাম লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ড্যান মজীনা এই আশাবাদের কথা বলেন। তিনি গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে অতিথি হয়ে আসেন। আলোচনার শুরুতেই বাংলাদেশ নিয়ে নিজের আবেগের কথা বলেন ড্যান মজীনা। তিনি বলেন, ‘এক দশক আগেও আমি এই দেশে ছিলাম। আবার এই দেশেই এসেছি। এক দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে।’ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশকে এখন অনেক বেশি গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। প্রশ্ন জাগতে পারে, কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি। কারণ, বিশ্বের এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ একটি বিনয়ী ও উদার গণতান্ত্রিক দেশ। একটি ধর্মনিরপেক্ষ দেশ। চরমপন্থার বিরুদ্ধে অবস্থানকারী একটি দেশ। এসব কারণেই আমরা বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিই।’বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের ব্যাখ্যা করতে গিয়ে উচ্ছ্বসিত মজীনা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রায়ই বলেন, “বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুব ভালো (একসেলেন্ট)।” আমার উদ্দেশ্য দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। আর সে কারণেই আমার সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশে এসেছিলেন।’ মার্কিন রাষ্ট্রদূত বলেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগুলো সবই অত্যন্ত আশার কথা। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে আরও এগিয়ে যাক। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ছে না কেন, এমন প্রশ্নের জবাবে ড্যান মজীনা বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী। আগামী পাঁচ বছরে এই সহায়তা বাড়বে। তবে আমরা আসলে মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন—এসব বিষয়ে জোর দিয়েছি। তবে জুলাই মাসে ঢাকার ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস-এর উদ্বোধন করা হবে। এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের অংশীদারিতে করা হচ্ছে। এই প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে অনেক কাজে আসবে বলে আশা করছি।’ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনারা সবাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা জানেন। এসব সমস্যা সমাধানে কাজ করছি। আমরা ৫৪৭টি আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। বাংলাদেশের বনাঞ্চল সংরক্ষণেও আমরা সহায়তা দিচ্ছি। আমরা চাই দূষণ বন্ধ হোক।’র‌্যাবকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র র‌্যাবের কোনো সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে না। তবে র‌্যাবের নিজস্ব একটি তদন্ত সেল করতে সহায়তা দিচ্ছে। এই সেল র‌্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মজীনা। তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। সাড়ে ১০ হাজারের বেশি শান্তিরক্ষী এখন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলছে। বাংলাদেশ শান্তিরক্ষায় এখন সারা বিশ্বের মধ্যে প্রথম। চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ অত্যন্ত কম শুল্কে পণ্য রপ্তানি করতে পারলেও বাংলাদেশকে কেন ১৫ ভাগের বেশি শুল্ক দিতে হচ্ছে—এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমরা টিকফা চুক্তি (বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি) করতে চাইছি। এই চুক্তি হলে দুই দেশ একটি কাউন্সিল গঠন করতে পারবে। তখন এই বিষয়গুলোর সমাধান সহজেই করা যাবে।’ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্ব দিচ্ছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ড্যান মজীনা বলেন, ‘এমন কথা একেবারেই ভিত্তিহীন। বাংলাদেশ একটি বিশাল দেশ। এখানে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে ভারতের বিষয়টি মাথায় রাখে না যুক্তরাষ্ট্র। আমি কখনোই কোনো কারণে দিল্লিকে ফোন দিই না। আমি যোগাযোগ করি ওয়াশিংটনের সঙ্গে।’ বাংলাদেশকে চারটি সি-১৩১ উড়োজাহাজ দেওয়া প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চারটি সি-১৩১ দিয়েছি। আরও চারটি চেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক শান্তি রক্ষায় ও দুর্যোগে এগুলো কাজে লাগে।’ গ্রামীণ ব্যাংকের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘প্রতিষ্ঠানটি সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত উচ্চ। কতবার আমি এই প্রতিষ্ঠানে গিয়েছি তার হিসাব নেই। গ্রামীণ ব্যাংক ৮৪ লাখেরও বেশি জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছে। এই নারীরা এখন স্বাবলম্বী। হিলারি ক্লিনটন ঢাকা সফরের সময় গ্রামীণ ব্যাংক নিয়ে তাঁর অবস্থানের কথা জানিয়েছেন। ব্যাংকটি যেন ঠিকমতো চলতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী—সবার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তাতেও গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা টিকিয়ে রাখা এবং এর অধিভুক্ত কোম্পানিগুলোর যেকোনো পর্যালোচনা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে করার জন্য অনুরোধ করেছেন।’ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আশাবাদী ড্যান মজীনা বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র অনেক এগিয়ে যাবে। এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’ বক্তব্য শেষ করার আগে তিনি বলেন, ‘আমি আবারও বলছি বাংলাদেশের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আর তাই আমাদের এই দেশ নিয়ে এত আগ্রহ। এখানে কোনো রহস্য নেই। আমরা মনে করি, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উদাহরণ হবে। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক দেশ হবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি এটি হবেই।’মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক আসিফ নজরুল, গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, লেখক ও ব্যাংকার ফারুক মঈনুদ্দিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন, বার্তা সম্পাদক শওকত হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা কেলি এস ম্যেকার্থি ও মার্কিন দূতাবাসের হেড অব প্রেস মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।