সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্মনিরপেক্ষতা খুবই জরুরি: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা খুবই জরুরি।দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশের সব ধর্ম ও বর্ণের মানুষ ভ্রাতৃপ্রতিম পরিবেশে উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে।দুর্গাপূজাকে দেশের অন্যতম প্রধান প্রাচীন উত্সব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে এই উত্সব উদযাপন করে আসছে।জিল্লুর রহমান বলেন, সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা এ বছর খুবই শান্তিপূর্ণ ও চমত্কার পরিবেশে পূজা উদযাপন করছে, যা বর্তমান সরকারের একটা সাফল্য।সংবর্ধনা প্রদানকালে রাষ্ট্রপতি বঙ্গভবনে অতিথিদের অভ্যর্থনা জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ বাংলাদেশে নিযুক্ত ভারত, নেপাল ও শ্রীলংকার হাইকমিশনাররা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।এ ছাড়া রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজ ও সি আর দত্ত, বিচারপতি, বিভিন্ন পত্রিকার সম্পাদক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাসহ বিশিষ্টজন এতে উপস্থিত ছিলেন।