সমৃদ্ধ বাংলাদেশ গড়লেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মাও এতে শান্তি পাবে। বিজয়ের মাস ডিসেম্বরে সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার শপথ নিতে হবে।আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রয়াত সাংসদ দেওয়ান ফরিদ গাজী ও লুত্ফুল হাই সাচ্চুর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের অধিবেশন মুলতবি করা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তাঁর আলোচনার শুরুতে দেশের এই দুই বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিবিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মীর শওকত আলীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান।প্রধানমন্ত্রী বলেন, জীবন বাজি রেখে যাঁরা দেশকে স্বাধীন করেছিলেন, একটি সংবিধান তৈরি করেছিলেন, তাঁরা আজ একে একে চলে যাচ্ছেন। তাঁদের অবদানের কারণেই দেশ আজ স্বাধীন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে তাঁদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছায়েদুল হক, শাহ আলম, আবু জাহিদ, আবদুল মজিদ খান প্রমুখ। অর্থমন্ত্রী প্রয়াত সাংসদ দেওয়ান ফরিদ গাজীকে বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর কাছে অনেক কিছু শেখার ছিল। তিনি যে রাজনীতি করতেন, তা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে।শিক্ষামন্ত্রী বলেন, দেওয়ান ফরিদ গাজী ও লুত্ফুল হাই সাচ্চু কেবল সাংসদ ছিলেন না, তাঁরা ছিলেন স্বাধীনতার এক একজন নায়ক। তাঁদের অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের নায়কেরা দিনে দিনে চলে যাচ্ছেন। তাঁদের আত্মার শান্তি কামনাই শুধু নয়, দেশের শান্তি ও অগ্রগতির জন্য কাজ করতে হবে।শোক প্রস্তাবের ওপর আলোচনার পর সংসদে প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর সংসদের বৈঠক কাল সোমবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।