সমৃদ্ধ হোক বাংলাদেশ জয় হোক বাংলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মানিত হয়ে তাঁরা গর্বিত। এ উপলক্ষ এটাও জানার সুযোগ করে দিয়েছে যে, কতজন কতভাবে বাংলাদেশের জন্মলাভে সহায়তা করেছিলেন। এই আনন্দের ক্ষণে তাঁদের প্রার্থনা—সমৃদ্ধ হোক এ দেশের ভবিষ্যৎ। জয় হোক বাংলার।মহান মুক্তিযুদ্ধে বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেওয়া বিদেশিদের এই কৃতজ্ঞতা প্রকাশ ও শুভকামনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠান।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের কঠিন সময়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রেরণা দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু তাঁদের সম্মাননাই দিচ্ছি না, সেই সঙ্গে নিজেরাও সম্মানিত হচ্ছি।’মুক্তিযুদ্ধে অনেক বিদেশি বন্ধু নানাভাবে হাত বাড়িয়েছিলেন বাংলাদেশের প্রতি। তাঁদের সেই সহায়তা ছিল মূলত ব্যক্তিগত উপলব্ধি, প্রাণের তাগিদ থেকে। অনেক ক্ষেত্রে তা ছিল এমনকি নিজ দেশের অনুসৃত নীতির বিপরীতে। তাঁদের প্রধান বিবেচনা ছিল মানবতা ও ন্যায়বোধ।স্বাধীনতার চার দশক পূর্তিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো বিদেশিদের সম্মান জানাতে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রামাণ্যচিত্র ফিরিয়ে নেয় সেই সময়ে: গতকাল লাল-সবুজের আবহে সেজেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তন। মূল মঞ্চের মাঝখানে বসার জায়গা করা হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের। আর দুই পাশে সারি করে বসানো চেয়ারে বসেছিলেন সংবর্ধনা পাওয়া বিদেশি বন্ধু, তাঁদের স্বজন ও প্রতিনিধিরা।প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার পর সকাল সোয়া ১০টায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই দেখানো হয় মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র। এতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পর্যায়ক্রমিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়। বিশেষভাবে দেখানো হয় মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদানের বিষয়টি।প্রামাণ্যচিত্র শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা একে একে সম্মাননা পাওয়া ব্যক্তি, সংগঠনের নাম ও তাঁদের অবদানের তথ্য তুলে ধরেন।বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরপর রাষ্ট্রপতি সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের হাতে স্মারক এবং প্রধানমন্ত্রী মানপত্র তুলে দেন। শুরুতেই নেপালের সাবেক প্রেসিডেন্ট রাম বরণ যাদবের পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা’ নেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা। একই শ্রেণীতে সম্মাননা পাওয়া অন্য সাতজন হচ্ছেন: ভুটানের রাজা জিগমে দরজি ওয়াংচুক, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রেসিডেন্ট লিওনিদ ইলিচ ব্রেজনেভ ও প্রয়াত প্রেসিডেন্ট নিকোলাই ভিক্তরভিচ পদগোর্নি এবং প্রয়াত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন, সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ ব্রজ টিটো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড রিচার্ড জর্জ হিথ এবং নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী বি পি কৈরালা। তাঁদের পক্ষে পরিবারের সদস্য বা অন্য প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।এরপর ৭৪ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। সব মিলিয়ে এ দিন দুটি আলাদা শ্রেণীতে ৮২ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদানের সময় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) জে এফ আর জ্যাকবের নাম ঘোষণা হতেই তিনি উপস্থিত সুধীর প্রতি অভিবাদন জানান। তাঁরা করতালি দিয়ে এর জবাব দেন। পুরস্কার হাতে নিয়ে জ্যাকব উচ্চারণ করেন একাত্তরের রণধ্বনি ‘জয় বাংলা’। দর্শক সারি থেকে অনেক কণ্ঠ সুর মেলায় তাতে। একাত্তরে জ্যাকব ছিলেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ।বক্তৃতা অনুষ্ঠান: অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বক্তৃতা। শুরুতেই সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক এমপি মাইকেল বার্নস। তাঁদেরকে এভাবে সম্মানিত করায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বার্নস। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ নানাভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা যারা একাত্তরের সঙ্গে যুক্ত ছিলাম, তারা এবং আমাদের আপনজনেরা এ অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্মিলনের সুযোগ পেয়েছি। আমাদের জানার সুযোগ হয়েছে কতজন কত বিচিত্রভাবে বাংলাদেশকে সহায়তা করেছিলেন। এ সম্মান পেয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় চরম দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বিদেশি বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। একাত্তরের দুঃসময়ের সেই সব বন্ধুকে শ্রদ্ধা ও সম্মাননা জানাতেই আজকের এই অনুষ্ঠান। আমরা মনে করি, আমরা শুধু তাঁদের সম্মাননাই দিচ্ছি না, সেই সঙ্গে নিজেরাও সম্মানিত হচ্ছি।’শেখ হাসিনা উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে সাহায্য-সমর্থন করা আরও বিদেশি শুভানুধ্যায়ীর নাম সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে তাঁদেরও সম্মাননা জানানো হবে।প্রধানমন্ত্রী বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাঁদের অবদানে স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। দেশে-বিদেশে সবার অবদানে বিজয় অর্জন সম্ভব হয়েছে। তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য।’ শেখ হাসিনা বলেন, কেউ লেখনীর মাধ্যমে, কেউ শরণার্থীদের পাশে দাঁড়িয়ে, আবার কেউ অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছেন। তাঁরা বাংলার মানুষের ওপর অন্যায়ের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, ‘যেসব বিদেশি বন্ধু ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আমাদের সাহায্য করেছেন, তাঁদের সম্মাননা দিতে পারাটা আমাদের জন্য গৌরবের।’রাষ্ট্রপতি বলেন, ‘আমি ও আমার দেশবাসীর পক্ষ থেকে আপনাদের অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন। আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের যেভাবে সাহায্য করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘বাংলাদেশের জন্য আজ বন্ধুত্ব উদ্যাপনের দিন। আজ আমরা উপলব্ধি করছি, ৪১ বছর আগে কীভাবে বিদেশিরা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল।’দীপু মনি বলেন, ‘আপনারা আজ ইতিহাস রচনা করেছেন। তাই আজকের দিনটি ঐতিহাসিক বিশ্বভ্রাতৃত্বের ক্ষেত্রে একটি বিশেষ দিন।’মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজনের ফলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সম্মানিত বিদেশি বন্ধুদের সঙ্গে পরিচিত হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।এর আগে গত বছর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রীর পুত্রবধূ ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতে তুলে দেন ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা’।