সম্পত্তি, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় ধরে তদন্ত, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবের হাটে দুই শিশুসন্তানসহ মা খুনের ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সম্ভাব্য কয়েকটি বিষয় সামনে রেখে এই তিন খুনের কারণ বের করার চেষ্টা করছে। এদিকে নিহত ডলি আক্তারের বাবা মোহাম্মদ ইসহাক গত মঙ্গলবার রাতেই পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। এতে কাউকে আসামি করা হয়নি। তবে হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধ কিংবা পারিবারিক কোনো ঝামেলা আছে কি না এবং ব্যক্তিগত বিষয় নিয়ে তৃতীয় কোনো ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত কি না, তা মাথায় রেখে আমাদের তদন্ত চলছে।’তদন্তে নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘তিন খুনের ঘটনায় গৃহশিক্ষকের দিকে অনেকের সন্দেহের আঙুল। এক দিন পেরিয়ে গেলেও গৃহশিক্ষককে পাওয়া যায়নি। এ বিষয়টি মাথায় আছে আমাদের। তবে ব্যক্তিগত বিষয়ের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’ স্ত্রী ও দুই সন্তানের হত্যার খবর পেয়ে আবুধাবিপ্রবাসী আনোয়ার হোসেন গতকাল বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছেন। দুই সন্তান ও স্ত্রীর নিথর দেহ দেখে তিনি এখন বাকরুদ্ধ। আবুধাবিতে ফোন করে প্রথমে আনোয়ারকে স্ত্রী-সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি। তবে তাঁকে দ্রুত দেশে আসতে বলা হয়। চট্টগ্রামে এসে স্ত্রী-সন্তানদের লাশ দেখে তিনি আহাজারি করে বলেন, ‘এই রকম জানলে আবুধাবিতে আমি গাড়িচাপায় মরে যেতাম। দেশে জীবিত আসার আর কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি সব হারিয়েছি।’ গত মঙ্গলবার বেলা সোয়া তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দুই শিশুসন্তান আলভি ও পায়েলসহ ডলি খুন হন। খতিবেরহাট এলাকার ‘মা-মণি ভিলা’র পাঁচতলার ফ্ল্যাটে দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পুলিশ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহূত দা ও ছোরা ডলির লাশের পাশ থেকে উদ্ধার করেছে। পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে তিনজন খুন হয়েছে বলে আমাদের ধারণা। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সঙ্গে কোনো একজন অপরাধী জড়িত থাকতে পারে। দুটি বিষয় সামনে রেখে আমাদের তিনটি দল তদন্তে নেমেছে।’ দুই ছেলেমেয়েসহ মা-মণি ভিলার পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন ডলি আক্তার। বাসায় আত্মীয়দের যাতায়াত ছিল। এ ছাড়া নিহত আলভি ও পায়েলকে দুজন গৃহশিক্ষক পড়াতেন। একজন নারী শিক্ষক ডলির ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গেছে। তিনি সকালে পড়াতেন। বিকেলে পড়াতেন পুরুষ শিক্ষক। তাঁকে পুলিশ খুঁজছে। পাশের ফ্ল্যাটের লোকজন জানান, মঙ্গলবার বিকেলে পুরুষ শিক্ষক শিশু আলভি ও পায়েলকে পড়াতে আসেন। ওই সময় ডলি স্থানীয় একটি সাজ-সজ্জার দোকানে (বিউটি পারলার) ছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি বাসার সামনের দোকান থেকে পাউরুটি ও ডিম কেনেন। আলভি বহদ্দারহাট এলাকার লাইমন লাইট গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণীর এবং পায়েল একই স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওই বাড়ির মালিক মো. ইলিয়াস আলীর স্ত্রী ফেরদৌস বেগম প্রথম আলোকে জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর বাড়ির দারোয়ান আবুল হাসান পানি ছাড়ার জন্য ভবনের ওপরে যাওয়ার সময়ে ডলির ঘরের সদর দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে উঁকি দিয়ে দেখেন ডলির মৃতদেহ ও মেঝেতে ছোপ ছোপ রক্ত। খবরটি ফেরদৌস বেগমকে জানানো হয়। তিনি পাঁচতলায় উঠে পাশের অপর ভাড়াটেকে এটি দেখিয়ে দরজা টেনে দেন এবং পুলিশে খবর দেন।পারিবারিক জীবন: পারিবারিক সূত্রে জানা যায়, ডলির গ্রামের বাড়ি রাউজান উপজেলার কাগতিয়ায়। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ডলি সবার বড়। দুই বোন ও এক ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তাঁর বাবা ও দুই ভাইও দুবাইপ্রবাসী। বাবা ও এক ভাই দেশে এসেছেন কিছুদিন আগে। প্রায় ১৫ বছর আগে ডলির সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। ডলি ও আনোয়ারের পরিবারের মধ্যেও সুসম্পর্ক ছিল বলে পরিবারের লোকজন জানান।